বরগুনার সঙ্গে সারা দেশের যোগাযোগের একমাত্র মাধ্যম পায়রা নদীর বরগুনা-আমতলী ফেরি। তবে এর অবস্থা খুবই নাজুক। তলার ফুটো দিয়ে পানি উঠে যায়। শ্যালো ইঞ্জিন দিয়ে পানি সেচতে হয়। আবার দুটি ইঞ্জিনের একটি বিকল। এতে প্রমত্তা পায়রার স্রোতে ফেরিটি প্রায়ই অন্যত্র ভেসে যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েন যাত্রীরা। এভাবে প্রতিদিন কমপক্ষে ২০০ যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত বছরের ২৬ জুলাই বরগুনা সফরে এসে বরগুনা-আমতলী ফেরির দুরবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং একটি নতুন ফেরি দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। মন্ত্রীর নির্দেশ দেওয়ার পর এক বছরের বেশি সময় পার হলেও নতুন ফেরি দেওয়া হয়নি।
ফেরির ইজারাদার গাজী হুমায়ুন কবির জানান, আগে এই নৌপথে দুটি ফেরি চলাচল করলেও চার বছর আগে একটি ফেরি বিকল হয়ে যায়। সেটি জরাজীর্ণ অবস্থায় ঘাটে পড়ে ছিল। অন্য ফেরি দিয়ে কোনোরকমে পারাপারের কাজ চলছিল। গত ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনের সময় তলা ফুটো হয়ে দুটি ফেরিই ডুবে যায়। এরপর জরুরি ভিত্তিতে পটুয়াখালীর লেবুখালী থেকে পরিত্যক্ত অন্য একটি ফেরি এনে পারাপার আবার চালু করা হয়। তবে প্রমত্তা পায়রার ঢেউয়ে এই ফেরির তলাও ফেটে যায়। বর্তমানে শ্যালো মেশিন দিয়ে ফেরির পানি সেঁচে ঝুঁকি নিয়েই পারাপারের কাজ চলছে।
জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক বলেন, নতুন ফেরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে।