বরগুনার পৌর মেয়র কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখ্য বিচারিক হাকিমের অপসারণ দাবি করে আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ করার অভিযোগসহ তিনটি মামলায় বরগুনা পৌরসভার মেয়র শাহাদাত হোসেনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল রোববার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল ইসলাম এই আদেশ দেন।দুপুর সাড়ে ১২টার দিকে কড়া পুলিশ পাহারায় মেয়র শাহাদাতকে জেলা কারাগারে নেওয়া হয়। সেখানে মেয়রের সমর্থকেরা বিক্ষোভ করলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।আদালত সূত্রে জানা গেছে, বরগুনা জেলা জজ আদালতের সামনের একটি পুকুর ইজারা দেওয়া নিয়ে গত জুন মাসে ইজারাদার ও জজ আদালতের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীর মধ্যে মারামারির ঘটনায় মামলা হয়। এই মামলায় মেয়র শাহাদাত আসামি না হলেও তাঁর প্রতি সমন জারি করেন আদালত। এর প্রতিবাদে গত ২১ জুন তৎকালীন মুখ্য বিচারিক হাকিমের অপসারণ চেয়ে মিছিল ও সমাবেশ করেন শাহাদাত। এ ঘটনায় ২৪ ও ২৫ জুন মুখ্য বিচারিক হাকিমের নির্দেশে দ্রুত বিচার আইনে ও অপর এক জ্যেষ্ঠ বিচারিক হাকিমের নির্দেশে সরকারি কাজে বাধাদানের অভিযোগে শাহাদাতের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। মামলা দুটির বাদী যথাক্রমে মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির মো. আক্তার হোসেন ও বরগুনা সদর থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেঞ্চদ। এ ছাড়া ওই মারামারির মামলায় আদালত ২৪ জুন মেয়র শাহাদাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে মেয়র ও পৌরসভার পাঁচ কাউন্সিলরসহ সাতজনকে আদালত অবমাননার অভিযোগে কেন অভিযুক্ত করা হবে না—সশরীরে আদালতে হাজির হয়ে তার জবাব দেওয়ার আদেশ দেন তৎকালীন মুখ্য বিচারিক হাকিম মইনুল হক।গতকাল দুপুরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় মেয়র শাহাদাত হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘একটি মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। বরগুনা শহরের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড থামিয়ে দিতে এসব ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো অশুভ শক্তির ষড়যন্ত্রের কাছে আমি মাথা নত করব না।’