বরগুনার বাজারে ভেজাল তেল ‘রমণী’ ও ‘মাহিম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র ভেজাল ও নকল পণ্যসামগ্রী তৈরি করে বাজারজাত করছে। ঈদ সামনে রেখে বিভিন্ন নামীদামি কোম্পানির বোতল ও মোড়কে এসব সামগ্রী বাজারজাত করছে তারা।খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা শহর ও শহরতলির কয়েকটি এলাকায় এবং পাথরঘাটা, বামনা উপজেলায় বেশ কয়েকটি চক্র নকল এসব পণ্যসামগ্রী উৎপাদন ও বিপণন করছে। এর মধ্যে বিভিন্ন খাদ্যদ্রব্য, বেকারি সামগ্রী, শিশুখাদ্য, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য রয়েছে। রমজান মাসে ভোজ্যতেল ও অন্যান্য ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এই চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে।বরগুনা শহরের কাঁচা বাজারের ব্যবসায়ী নুরুল্লাহ কোনটা আসল আর কোনটা নকল তা শনাক্ত করতে পারেন না জানান। যে কারণে এসব পণ্য তাঁদের দোকানে ঢুকে পড়ছে এবং ক্রেতারাও সেসব কিনে ঠকছেন। জানা যায়, জেলার পাথরঘাটা উপজেলা সদরে পুলিশ গত ২৬ জুলাই একটি নকল কারখানার সন্ধান পায়। সেখানে থেকে ৫০০ লিটার নিম্নমানের সয়াবিন তেল ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর মোড়ক ও বোতল জব্দ করে। সেখান থেকে এসব প্যাকেটজাত করার কাজে ব্যবহূত দুটি যন্ত্রও উদ্ধার করে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী সুলতান বেপারি ও ইউসুফ গাজীকে গ্রেপ্তার করা হয়। পাথরঘাটা থানা সূত্রে জানা যায়, সুলতান বেপারি ও ইউসুফ গাজীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি থেকে উদ্ধারকৃত ‘রমণী’ ও ‘মাহিম’ নামের ভেজাল সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়। আধা ও দেড় লিটারের বোতল বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়েছিল। এ ছাড়া অভিযান চলাকালে সুলতান বেপারির বাড়ি থেকে গৃহিণী গুঁড়া মসলা, বাংলার গুঁড়া মসলা, দি বৈশাখী চিনি, ধানসিড়ি চিনি, আল হেলাল স্পেশাল লাচ্ছা সেমাই ও ফাহিম সৌদি খেজুর জব্দ করা হয়। এদিকে, ইউসুফ গাজীর ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি থেকে বিপুল পরিমাণ বোতলসহ প্যাকেটজাত করার দুটি যন্ত্র উদ্ধার করা হয়। গত ২১ জুলাই বরগুনা শহরতলির লাকুরতলা এলাকায় আনন্দ কনফেকশনারি নামে একটি বেকারির কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআইয়ের ভুয়া সিলযুক্ত ১০ হাজার মোড়ক উদ্ধার করা হয়। বরগুনা সদর থানার পুলিশ এসব জব্দ করে। খোঁজ নিয়ে আরও জানা যায়, বরগুনা সদরের গৌরিচন্না, ফুলঝুরি, আয়রা, নলী, বাবুগঞ্জ এলাকায় এ রকম আরও বেশ কয়েকটি চক্র তাদের বেকারিতে নামীদামি কোম্পানির মোড়কে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে বাজারজাত করার সঙ্গে জড়িত। এ ছাড়া শহরের লঞ্চঘাট এলাকায় অপর একটি চক্র হুইল, লাক্সসহ বিভিন্ন সাবানের মোড়কে নকল ও নিম্নমানের সাবান প্যাকেটজাত করে তা বাজারে সরবরাহ করছে। বরগুনার জেলা প্রশাসক মজিবুর রহমান বলেন, ‘বেশ কয়েকটি চক্র ভেজাল খাদ্য ও ভোগ্য সামগ্রী তৈরি করে বাজারজাত করছে—এমন খবর আমাদের কাছে আছে।’