বরগুনার মেয়রের বিরুদ্ধে এক দিনে চার মামলা!
বরগুনা পৌরসভার মেয়রের বিরুদ্ধে আদালতে চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মেয়রের অভিযোগ, জেলা মুখ্য বিচারিক হাকিমের অপসারণের দাবিতে সম্প্রতি মিছিল ও সমাবেশ করায় তাঁর বিরুদ্ধে একই দিনে এসব মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনজীবী ও সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, জেলা জজ আদালতের সামনের একটি পুকুর মৎস্য ব্যবসায়ীদের কাছে ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে গত ৯ মে ইজারাদার বিকাশ দাস ও জজ আদালতের নৈশপ্রহরী মাইনুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় নৈশপ্রহরী গত ১০ মে মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করলে বিচারক মামলাটি বরগুনা থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। তদন্ত শেষে ২০ জুন পুলিশ আসামি বিকাশ দাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ওই দিন মুখ্য বিচারিক হাকিম মেয়র শাহাদাত হোসেনের প্রতি সমন জারি করেন।এর প্রতিবাদে ও মুখ্য বিচারিক হাকিমের অপসারণের দাবিতে মেয়র তাঁর সমর্থকদের নিয়ে গত ২১ জুন মিছিল করেন। মিছিল শেষে আদালতের সামনে সমাবেশ শেষে জেলা জজের কাছে স্মারকলিপি দেন মেয়র। এ ঘটনায় মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির আক্তার হোসেন ২৪ জুন মেয়র শাহাদাত হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশকে তা এজাহার হিসেবে গ্রহণ করে এক ঘণ্টার মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেন। পাশাপাশি র্যাব-৮-এর অধিনায়ককে মামলাটি তদন্তের আদেশ দেন। একই দিন অপর এক মামলায় মেয়রের বিরুদ্ধে দেওয়া সমনের পরিবর্তে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মুখ্য বিচারিক হাকিম। বিচারক ওই দিন অপর এক আদেশে আদালত প্রাঙ্গণে মিছিল, সমাবেশ করা কেন আদালত অবমাননাকর হবে না, তা ২৬ জুনের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে জানাতে মেয়র ও পাঁচ পৌর কমিশনারসহ সাতজনকে নির্দেশ দেন। একই সঙ্গে ২১ জুন আদালত প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ করায় পুলিশ বাদী হয়ে বরগুনা থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি করেছে কি না, তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জানতে চান মুখ্য বিচারিক হাকিম। পুলিশ ওই দিনের ঘটনা বিবৃত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মর্মে আদালতকে জানালে বরগুনা সদরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল ইসলাম সোমবার সেটিকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। এই আদেশ দেওয়ার পর পুলিশের করা জিডিটিও সোমবার দুপুরে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির বলেন, ‘দুটি মামলাতেই মেয়রকে প্রধান আসামি করা হয়েছে।’মেয়র শাহাদাত হোসেন গত সোমবার মুঠোফোনে বলেন, ‘একটি মামলার এজাহারে ও অভিযোগপত্রে কোথাও আমার নাম নেই, অথচ সেখানে আসামি বানিয়ে “অন্যায়ভাবে” আমাকে সমন দেওয়া হয়েছে। এটা একজন বিচারকের সুবিবেচনা হতে পারে না।’জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিচুর রহমান বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আইনজীবী সমিতি উদ্বিগ্ন। আগামী রোববার আমরা সমিতির সভা আহ্বান করেছি। সেখানে এই অবস্থা নিরসনে আলাপ-আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।’ অভিযোগপত্রে আসামি হিসেবে নাম না থাকার পরও সমন দেওয়া যৌক্তিক কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যত দূর জানি, ওই মামলার অভিযোগপত্রে একজনের নাম উল্লেখ রয়েছে এবং দু-তিনজন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। কিন্তু মেয়র তো অজ্ঞাত ব্যক্তি নন। তার পরও কীভাবে তাঁর প্রতি বিচারক সমন দিয়েছেন, সেটা নির্দেশনা না দেখে মন্তব্য করতে পারব না। তবে এতে আইনের ব্যত্যয় হলে মেয়র উচ্চ আদালতে যেতে পারতেন। কোনো ক্রমেই তাঁর মিছিল করা উচিত হয়নি।’বরগুনা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি ভূবন চন্দ্র হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘মুখ্য বিচারিক হাকিমের এটা করার এখতিয়ার আছে এবং তিনি করতে পারেন।’ তবে এর বেশি মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।