বরগুনার সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন
বরগুনার সাবেক তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গত সোমবার দুপুরে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল বাস্তবায়ন কমিটির আহ্বানে কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জেলা আইনজীবী সমিতি, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতারা মানববন্ধনে অংশ নেন। একই দাবিতে জেলার আমতলী, তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটায় মানববন্ধন হয়েছে। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, পায়রা ও বিষখালী নদীর কারণে বরগুনা জেলা তিন ভাগে বিভক্ত হয়ে আছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় বরগুনার তিনটি আসনকে পুনর্বিন্যাস করে দুটি আসনে রূপান্তরিত করা হয়। এই সিদ্ধান্তের ফলে জেলার আমতলী ও তালতলী এবং বেতাগী উপজেলার জনগণ উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে পড়ছে। এ জন্য আগামী সংসদ নির্বাচনের আগে জেলার সংসদীয় আসন পুনর্বিন্যাস করে আগের মতো তিনটি আসন বহাল করার দাবি জানান তাঁরা।