বরগুনার ১৩ খাল খননের টাকা জলে যাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ক্ষুদ্রাকার পানি সেচ প্রকল্পের আওতায় বরগুনায় ১৩টি খাল খননের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। চারটি খালের খননকাজ সরেজমিন পরিদর্শন করে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই খনন প্রকল্পে ব্যয় হচ্ছে ৮ কোটি ৩০ লাখ টাকা।
ক্ষুদ্রাকার পানি সেচ প্রকল্পের শর্ত অনুযায়ী, এসব খালের দুই পাড়ের সুবিধাভোগী ও উপকারভোগীদের নিয়ে আলোচনার মাধ্যমে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি নামে কমিটি করে এই খননকাজ বাস্তবায়ন করতে হবে। খাল খননের পুরো দায়িত্ব সম্মিলিতভাবে পালন করবেন সংশ্লিষ্ট সমিতির সদস্যরা।
কিন্তু ১৩টি খালের চারটির কাজ করাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। এঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
জন প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এ স্পষ্ট বলা আছে, জনপ্রতিনিধিদের সরকারের সঙ্গে কোনো ধরনের ব্যবসা কিংবা ঠিকাদারি নিষিদ্ধ।
এলজিইডির সূত্র জানায়, বেশির ভাগ খাল খননের ক্ষেত্রে প্রকল্পের শর্ত মানা হয়নি। খালপাড়ের মানুষদের বাদ দিয়ে সাতটি খালই খনন করা হচ্ছে খননযন্ত্র ব্যবহার করে। বাইরে থেকে ঠিকা শ্রমিক এনে খাল খনন করা হচ্ছে। এতে প্রকল্পের শর্ত ভঙ্গ হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইতিমধ্যে প্রকল্পের ৭০ শতাংশ বরাদ্দ তুলে নিয়ে গেছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। বাকি ৩০ শতাংশ অর্থ চলতি জুন মাসে পরিশোধ করার কথা রয়েছে।
প্রকল্পের আওতায় রয়েছে বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নের জেলখানা খাল, মনসাতলী খাল, নলী-মাইঠা খাল, বাইশতবক-উত্তর লাকুরতলা খাল; আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা ড্রেনেজ এবং ডব্লিউসি উপপ্রকল্পের আওতায় কালির খাল, আশিকা খাল, ডুমুনিয়া খাল, বলইবুনিয়া খাল; কুকুয়া ইউনিয়নের নিমতার খাল; তালতলী উপজেলার কড়ইবাড়িয়া খাল; বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ-করুণা খাল, খোন্তাকাটা খাল, বামনা রুহিতা-রামনা খাল, খাজুরা খাল, গারদের খাল ও আমতলী খাল; পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া খাল।
সম্প্রতি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা এলাকায় গিয়ে দেখা যায়, খালের ভেতর খননযন্ত্র। স্থানীয় ব্যক্তিরা জানান, খালটি খনন করছেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মৃধা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার তিন-চার ব্যক্তি বলেন, খননযন্ত্র দিয়ে দেড়-দুই ফুট মাটি কেটে যেনতেনভাবে কাজ সারা হচ্ছে। এতে কোনোভাবেই খালের পানি চলাচল নির্বিঘ্ন হবে না। এলজিইডি সূত্র জানায়, এই খালটি খননে ৭০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
খননযন্ত্রের চালক আবু হানিফ বলেন, মাসে ৩ লাখ ৫৫ হাজার টাকায় দুটি খননযন্ত্র ভাড়ায় এনে খালটি খনন করা হচ্ছে।
পূর্ব চিলার বাসিন্দা কাজল তালুকদার নামের আরেক ব্যক্তি বলেন, ‘এ খালের পাড়ে আমার জমি আছে, কিন্তু কমিটিতে আমার নাম রাখা হয়নি।’
ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘প্রকল্পের শর্ত অনুযায়ী জুনের মধ্যে এর কাজ শেষ করতে হবে। এ জন্য খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। তবে যথাযথভাবেই কাজ হচ্ছে।’
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের জবর আলী শরীফ সিমন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে এলাকার বলইবুনিয়া খালের ৮ দশমিক ৫৭ কিলোমিটার খনন করার কথা। এর জন্য ৭৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া আছে। সমিতির কয়েকজন সদস্য অভিযোগ করেন, বরাদ্দ পাওয়ার পরপরই সমিতির সভাপতি হাশিম রেজা শরীফ সমিতির সদস্যদের বৈঠক ডেকে খাল খননের বিষয়ে সদস্যদের কার্যবিবরণীতে স্বাক্ষর নেন। কিন্তু এরপর তিনি এককভাবে কাজ করান। সমিতির সদস্যরা খাল খননকাজে অংশ নেওয়ার শর্ত আছে প্রকল্পে। সমিতির সদস্য ও স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, খাল খননকাজের ধরন কী হবে, কারা কাজ করবে, শ্রমিকদের মজুরি কীভাবে দেওয়া হবে—এসব ব্যাপারে তাঁদের কিছুই জানানো হয়নি।
সরেজমিনে দেখা যায়, খালের দুই পাড়ের কিছু অংশে সামান্য কাদামাটি তোলা হয়েছে। খালের মাঝে মাঝে বাঁধ দিয়ে পানি অপসারণ করে সামান্য কাদামাটি তুলে কাজ শেষ করা হয়েছে। সব জায়গায় কাজও হয়নি।
স্থানীয় বাসিন্দা রিপন মোল্লা বলেন, সমিতির সদস্যরা দূরে থাক, স্থানীয় শ্রমিকদেরও কাজের সুযোগ দেওয়া হয়নি। পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাউলাপাড়া এলাকা থেকে ঠিকা শ্রমিক এনে এক সপ্তাহ যেনতেনভাবে কাজ সারা হয়েছে।
আবদুল মোল্লা নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, জীবনে প্রথম দেখলাম বালতি দিয়ে কাদাপানি তুলে খাল খনন করা হচ্ছে। খননের নামে মূলত ওপরের অংশের হালকা কাদামাটি অপসারণ ছাড়া আর কোনো কাজই হয়নি। যেভাবে খনন করা হয়েছে, এতে খালটি এলাকার মানুষের কোনো উপকারেই আসবে না। একই অভিযোগ রিপন মোল্লা, শাহ আলম, দুলাল গাজী, হাজেরা বেগমসহ আরও অনেকের।
সমিতির সভাপতি হাসিম রেজা শরীফ বলেন, ‘খাল খননে কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম হয়নি। প্রাক্কলন অনুসারে কাজ সম্পন্ন করা হয়েছে।’
এলজিইডি আমতলী উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘জবর আলী শরীফ সিমন পানি ব্যবস্থাপনা সমিতির খাল খননের কোনো কাজই আমরা এখনো বুঝে নিইনি।’
একই অভিযোগ বরগুনা সদরের জেলখানা খাল খননের ক্ষেত্রেও। বাইরে থেকে কিছু ঠিকা শ্রমিক এনে এবং খননযন্ত্র দিয়ে নামকাওয়াস্তে কাজ করা হচ্ছে। ওই সমিতির সভাপতি হয়েছেন স্থানীয় ইউপি সদস্য ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম। তিনিও এককভাবে কাজ করছেন। খালটি কোথাও ১২ ফুট ও সর্বনিম্ন ৪ ফুট গভীর করে খনন করার কথা থাকলেও এক-দেড় ফুটের বেশি করা হয়নি।
জেলখানা এলাকার বাসিন্দা নূরুল ইসলাম বলেন, ‘আমাকে জেলখানা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য করে আমার কাছ থেকে ইউপি সদস্য রফিকুল ১০টি সাদা চেকে স্বাক্ষর নিয়ে নেন। এরপর কী করেছেন, তা জানি না।’
অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিক ও খননযন্ত্র ব্যবহার করেই খাল খনন করেছি।’ অনিয়মের বিষয়ে তিনি বলেন, ‘আপনার সঙ্গে সামনাসামনি এ নিয়ে কথা বলব।’
সদরের নলী-মাইঠা ১৩ কিলোমিটার দীর্ঘ খালটি খননে ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে খালটি কচুরিপানায় ভরা। জানতে চাইলে ঠিকাদার মনিরুল ইসলাম বলেন, ‘বরাদ্দ ও অন্যান্য বিষয়ে আপনাদের বলা যাবে না। জানতে হলে অফিস থেকে জেনে নিন। যে বরাদ্দ দেওয়া হয়েছে তা দিয়ে এই খাল খনন অসম্ভব। আমি বাড়ি থেকে টাকা এনে তো আর খাল কাটাব না। খালটি কচুরিপানায় ভরে আছে, তাই তা পরিষ্কার করে ঠিকমতো কাটা যায়নি।’
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সামাজিক অর্থনীতিবিদ আবদুর রহিম বলেন, ‘আমরাও শুনেছি ছয়-সাতটি খাল খননযন্ত্র দিয়ে কাটা হয়েছে। এসব বিষয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেব।’ খাল খননকাজে অনিয়মের ব্যাপারে আপনার সংশ্লিষ্টতা রয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এ অভিযোগ অসত্য।
এলজিইডির বরগুনার নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে কেউ অনিয়মের লিখিত অভিযোগ দেয়নি। কাজ শেষে নকশা অনুযায়ী যতটুকু কাজ হয়েছে, ততটুকুর বিল দেব আমরা।’