বরগুনার ১৪৫টি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই
বরগুনার সরকারি-বেসরকারি ৭০৩টি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৫টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ কারণে বিদ্যালয়গুলোর প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়ার পাশাপাশি পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনার ৩৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫টিতে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া ৫০ জন সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। সদর উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮টি, আমতলীর ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩টি, বেতাগীর ৭১টি বিদ্যালয়ের ১৩টি, পাথরঘাটার ৬১টি বিদ্যালয়ের সাতটি এবং বামনার ৩৭টি বিদ্যালয়ের চারটিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। একইভাবে জেলার ৩২৪টি বেসরকারি (রেজিস্টার্ড) প্রাথমিক বিদ্যালয়ের ৮০টিতে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া ৮২ জন সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক প্রতিদিন ৩০০ থেকে সাড়ে ৩০০ শিক্ষার্থীর পাঠদানে হিমশিম খাচ্ছেন। কারণ, প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে তিন-চারজনের বেশি শিক্ষক নেই। তাঁদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ায় তাঁকে প্রশাসনিক কাজেই বেশির ভাগ সময় ব্যয় করতে হয়। আমতলীর পচাকোড়ালিয়া ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, তাঁর বিদ্যালয়ে চারজন শিক্ষক। এর মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে। তিনি নিজে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় সার্বক্ষণিক ব্যস্ত থাকেন অফিসের কাজকর্মে। বাকি দুজন শিক্ষক প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থীকে পাঠদান করতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মহসিন বলে, ‘মিজান স্যার আমাদের ইংরেজি ক্লাস নিতেন এখন তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় ক্লাস নিতে পারছেন না।’ সদর উপজেলার পূর্ব ঢলুয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় বিদ্যালয়ের ব্যবস্থাপনার কাজে প্রায়ই ব্যস্ত থাকি। বাকি একজন শিক্ষককে পুরো বিদ্যালয়ের প্রায় ১৭০ জন শিক্ষার্থীকে পাঠদান করাতে হয়। এটা একেবারে অসম্ভব।’সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল আলিম বলেন, ‘এক বছর ধরে প্রধান শিক্ষক পদে নতুন কোনো নিয়োগ না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে অবশ্যই এসব বিদ্যালয়ে যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষক নিয়োগ করা প্রয়োজন।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিলচন্দ্র হাওলাদার গতকাল বুধবার বলেন, ‘প্রায় এক বছর ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগ না হওয়া এবং সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে হাইকোর্টে মামলা হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আপাতত প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আমাদের কাছে নেই।’