বরগুনার ৩০ হাজার জেলে পরিবারে দুর্দিন
ছোট জাল দিয়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার কারণে সহায়তাবঞ্চিত বরগুনার প্রায় ৩০ হাজার জেলে পরিবার মানবেতর দিন কাটাচ্ছে। সরকার জাটকা শিকার বন্ধে ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত উপকূলীয় নদনদী ও সাগর মোহনায় ছোট ফাঁসজাল দিয়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর ফলে জেলার ক্ষুদ্র মৎস্যজীবীরা অন্য কোনো মাছও শিকার করতে পারছেন না। মাছখালী গ্রামের জেলে আ. রব (৫৫) বলেন, ‘তিন-চার বচ্ছর ধইর্যা এমনেই গাঙ্গে তেমন মাছ-পোনা নাই, হ্যারপর বাজার-সওদার যে দাম বাড়ছে, হ্যাতে মোগো বাঁচনের কোনো রাস্তা দেহি না। এহন বউ-বাচ্চা লইয়্যা না খাইয়্যা মরণের জোগাড়। হ্যারপর এহন ছয় মাস কোনো মাছ-পোনা ধরতে পারমু না। হ্যার চাইতে কন মোরা বিষ খাইয়্যা মইর্যা যাই।’জানা গেছে, সরকারি হিসাবে বরগুনায় ক্ষুদ্র জেলে রয়েছেন সাড়ে ২৯ হাজার। কিন্তু বেসরকারি হিসাবে জেলের সংখ্যা প্রায় ৪২ হাজার। এসব জেলের মধ্যে কেবল ১১ হাজার ৬৮২টি পরিবার সরকারি সহায়তার আওতায় এসেছে। এসব পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে জাটকা শিকারে সরকারি নিষেধাজ্ঞার কারণে তাঁরা অন্যান্য মাছ ধরতে পারছেন না। এ ছাড়া সরকারের দেওয়া সহায়তা না পাওয়ায় বেশ কয়েক হাজার জেলে পরিবারে চরম আকাল চলছে। পাথরঘাটা উপজেলার ছোট কালমেঘা এলাকার জেলে ইলিয়াস আকন জানান, তাঁর নৌকায় ১২ জন জেলে মাছ ধরেন। এ দিয়েই এসব পরিবারের ভরণ-পোষণ চলে। কিন্তু ১২ জন জেলের মধ্যে সরকারি সহায়তা পেয়েছেন মাত্র দুজন। তিনি জানান, বিষখালীতে এভাবে প্রায় পাঁচ হাজার জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরতে না পারায় এসব পরিবারে দিন কাটছে প্রায় অনাহারে। পাথরঘাটার পদ্মা এলাকার জেলে আবদুস সহিদ জানান, বলেশ্বর নদের পাড়ে প্রায় তিন হাজার জেলে রয়েছেন। এদের মধ্যে খুব অল্পসংখ্যক জেলে সরকারি সহায়তা পেয়েছেন। ফলে অনেকে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে মাছ ধরতে গিয়ে লাখ লাখ টাকার জাল খুইয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবদুল কাদের মুসল্লি বলেন, ‘বছরটাই যেন আমাদের কাছে অভিশাপের মতো। আমার সমিতিতে প্রায় ৩০০ তালিকাভুক্ত জেলে আছে। এর মধ্যে মাত্র ২০ জন সরকারি সহায়তা পেয়েছে। বাকি পরিবারগুলো এখন প্রায় অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে।’ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘চাহিদার তুলনায় সরকার আমাদের যে সহায়তা দিয়েছে, তা অপ্রতুল। সহায়তা যাতে আরও বাড়ানো যায়, আমাদের পক্ষ থেকে সেই চেষ্টা অব্যাহত আছে।’