বরগুনার ৩২৮টি স্লুইসগেট কৃষকের গলার ফাঁস
ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বরগুনার ৩২৮টি স্লুইসগেট গত চার বছরেও মেরামত করা হয়নি। এতে প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় সাগরের লোনা পানি বিস্তীর্ণ এলাকার ফসলি জমিতে ঢোকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একই কারণে লোকালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ জেলায় পাউবোর ২২টি পোল্ডারের আওতায় বিভিন্ন সময়ে পানিনিষ্কাশনের জন্য ৩২৮টি স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। সূত্র জানায়, বরগুনা সদর, আমতলী ও পাথরঘাটার ২৭২টি স্লুইসগেট ষাটের দশকে নির্মাণের পর দীর্ঘদিনেও সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়নি। এতে এমনিতেই এগুলোর অবস্থান খারাপ হয়ে যায়। উপরন্তু ২০০৭ সালের ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডর এবং পরের বছর আইলার কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে এগুলো অকেজো হয়ে গেছে। এ ছাড়া সিডর ও আইলার কারণে বামনা ও বেতাগীর স্লুইসগেটগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।সরেজমিনে পাথরঘাটার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ষাট ও আশির দশকে নির্মিত ২০টি স্লুইসগেটের পানি ওঠানামা নিয়ন্ত্রণের ঢাকনা মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে এগুলোর ঢালের পাইলিং নদীগর্ভে বিলীন হয়ে গেছে।১৯৬১ সালে নির্মিত রূপধন এলাকার স্লুইসগেটটির ওপরের রেলিং ভেঙে গেছে। ঢাকনাগুলো অকেজো হয়ে পড়ায় স্থানীয় লোকজন রশি দিয়ে বেঁধে রেখেছে। আলু চাষের জন্য বিখ্যাত এই এলাকার কৃষক হুমায়ুন কবির জানান, স্লুইসগেটটি এখন তাঁদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ, আলু ও অন্যান্য চাষাবাদের জন্য যখন পানি দরকার, তখন পাওয়া যায় না। যখন পানির প্রয়োজন হয় না, তখন জোয়ারের পানিতে খেত তলিয়ে যায়। গত কয়েক বছর ধরে তাই তাঁরা ফসলে চরম মার খাচ্ছেন।আমতলী উপজেলার স্লুইসগেটগুলোর অধিকাংশ অকেজো ও আংশিক অকেজো পড়ে থাকায় কৃষকদের কোনো কাজে আসছে না। আমড়াগাছিয়া বাজারসংলগ্ন স্লুইসগেটটির সিসি ব্লক ও লিফটগেট ভেঙে যাওয়ায় চার বছর ধরে ভোগান্তিতে আছে এলাকার প্রায় ১৫ হাজার বাসিন্দা। বরগুনা সদরের নিশানবাড়িয়া এলাকার বাসিন্দারা জানায়, ষাটের দশকে নিশানবাড়িয়া এলাকায় নির্মিত স্লুইসগেটটির দুই পাশের সিসি ব্লক ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের সময় সরে যায়। এর পর থেকে আশপাশের পাঁচটি গ্রাম চার বছর ধরে মাসে দুবার করে প্লাবিত হচ্ছে। এতে এলাকায় কোনো ফসল ফলানো যাচ্ছে না।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুনীল চন্দ্র ধর জানান, স্লুইসগেটগুলো অকেজো ও আংশিক অকেজো থাকায় বরগুনা জেলায় কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে, বর্ষা মৌসুমে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহম্মেদ বলেন, ‘এসব স্লুইসগেট সংস্কার ও নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে বেশ কয়েকবার আবেদন করেছি। এরই মধ্যে সামান্য বরাদ্দ পাওয়া গেছে। এ বরাদ্দ দিয়ে কিছু স্লুইসগেট নির্মাণ ও সংস্কার করা হবে। পুনরায় বরাদ্দ পাওয়া গেলে বাকিগুলোর কাজ করা হবে।