বরগুনার ৫০ বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে পাঠদান
দীর্ঘদিন সংস্কার না করায় এবং নির্মাণ ত্রুটির কারণে বরগুনার ২০৯টি প্রাথমিক বিদ্যালয় ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে কমপক্ষে ৫০টি বিদ্যালয়ের ভবন যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিক শিক্ষা কার্যালয় এগুলোতে পাঠদান না করার নির্দেশ দিয়েছে। কিন্তু বিকল্প না থাকায় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এসব বিদ্যালয়ে আসছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় ৭৫৫টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে আমতলীতে ৫২, পাথরঘাটায় ৭৪, বামনায় ১২, বেতাগীতে ১৭ ও সদর উপজেলায় ৫৮টি বিদ্যালয় ভবন জরাজীর্ণ। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে লিখিতভাবে জানিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ৫০টি প্রাথমিক বিদ্যালয় ভবন না ব্যবহার করার জন্য শিক্ষকদের নির্দেশ দিয়েছেন।
আমতলী উপজেলার মধ্য হরিদ্রাবাড়িয়া, হালিমা খাতুন, আমখোলা ও পূর্বচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, এসব বিদ্যালয় ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। পিলারের রড বের হয়ে আছে। ছাদে ফাটল ধরেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এসব ভবনেই পাঠদান করা হচ্ছে।
হরিদ্রাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা পারভীন বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা দুই বছর আগে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আবেদন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আখতার বলেন, এসব বিদ্যালয় ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে। বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেতাগী সদরের বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো জরাজীর্ণ।
বরগুনা সদরের কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনটির দেয়াল খসে পড়ছে। বিমের পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে গেছে। শিক্ষার্থীরা আতঙ্কে গত ১৫ দিন ধরে বিদ্যালয়ে আসছে না। বিদ্যালয়ের শিক্ষক আকাইদ হোসেন বলেন, ‘আমরা আতঙ্কের মধ্যে আছি। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অভিভাবকেরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না।’ সদরের দক্ষিণ খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্রটির অবস্থাও খুব নাজুক।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ঝুঁকিপূর্ণ ভবন আছে এমন বিদ্যালয়গুলোর তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।