বরগুনায় বাসশ্রমিকদের ডাকা ধর্মঘটে আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে জনদুর্ভোগ উঠেছে চরমে। গত বুধবার বিকেলে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের হেউলিবুনিয়া নামক স্থানে এক বাসযাত্রীর স্ত্রীর সঙ্গে বাসশ্রমিকদের দুর্ব্যবহারের জের ধরে তিনজন বাসশ্রমিককে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বুধবার সন্ধ্যা থেকে বরগুনার সব সড়কপথে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে বরগুনার সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।এ ঘটনার জের ধরে বুধবার বিকেলেই বরগুনার সব সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়ে বাসশ্রমিকেরা শহরে বিক্ষোভ করেন। রাতে শ্রমিকেরা শহরের টাউন হল এলাকার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় ক্রোক এলাকায় লাভলু নামে এক অটোরিকশাচালককে বেদম মারধর করে রিকশাটি ভাঙচুর করেন শ্রমিকেরা। আহত লাভলুকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের নেতৃত্বে বাসশ্রমিকেরা বিভিন্ন সড়কে চলাচলকারী অটোরিকশা, নছিমন, টমটম ও অন্য যানবাহন চলাচলে বাধা দেন।এতে বরগুনার অভ্যন্তরীণ ও বরিশালে যাতায়াতকারী কয়েক হাজার যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাসশ্রমিকেরা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে ঘটনার বিচারের দাবিতে স্মারকলিপি দেন। পরে এক সমাবেশে বক্তৃতা করেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন। তাঁরা বলেন, তিন শ্রমিককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, ‘আমাদের শ্রমিকদের নিরাপত্তা না থাকলে কীভাবে বাস চলাচল করবে? আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি করেছি।’ অন্য যান চলাচলে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘না, অন্য যানবাহন চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।’ বরগুনার পুলিশ সুপার মো. মাহবুব হাকিম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য যান চলাচলে বাসশ্রমিকেরা বাধা দিয়ে থাকলে সেটা অন্যায় বলে মন্তব্য করেন তিনি।