বরগুনায় হঠাৎ করেই অপরাধপ্রবণতা বেড়ে গেছে। গত সপ্তাহে রোববার সদর উপজেলার পৃথক তিন স্থানে দুই তরুণীকে ধর্ষণ ও একজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। তাঁদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের কেউ গত মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার হয়নি।একইভাবে সোমবার গভীর রাতে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের অভ্যন্তরে আবাসিক কোয়ার্টারে একদল ডাকাত হানা দিয়ে দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ছাড়া গত দেড় মাসে বরগুনার বিভিন্ন এলাকা থেকে সাত শিশু নিখোঁজ হয়েছে। বরগুনা পাউবোর জেলা কার্যালয়ের প্রধান সহকারী আনোয়ার হোসেনের বাসায় গত সোমবার গভীর রাতে একদল ডাকাত হানা দেয়। এ ঘটনায় মঙ্গলবার আনোয়ার থানায় মামলা করেন।গত রোববার বিকেলে বামনা ডিগ্রি কলেজের এক ছাত্রী তাঁর আত্মীয় সাগরের সঙ্গে বরগুনা শহর থেকে সদর উপজেলার গুলিশাখালী গ্রামের নিজবাড়িতে ফিরছিলেন। পথে বাওয়ালকর নামক স্থানে স্থানীয় সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন (৩২) তার দলবল নিয়ে সাগরকে মারধর করে তাড়িয়ে দিয়ে এবং ওই ছাত্রীকে জোর করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই ছাত্রীর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।রোববার রাত আটটার দিকে সদর উপজেলার রোডপাড়া গ্রামের এক কিশোরী প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে চালিতাতলা গ্রামের জাকির হোসেনের নেতৃত্বে জাফর, রিয়াজ ও করিম তাকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।একই দিন রাত আটটায় সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের এক তরুণী তাঁর বান্ধবীকে নিয়ে ফেরার পথে একই গ্রামের মো. মহসীন তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই তরুণী মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। এদিকে গত দেড় মাসে বরগুনা সদরের লাকুরতলা গ্রামের আলভী (১৪), বাইশতবক গ্রামের রুমা (১১), লবণগোলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শিরিন (১৩), মামুন (১১), চরকগাছিয়ার আবির (১৪), মনসাতলী গ্রামের ইমন (১৫), চরকগাছিয়া গ্রামের সোহাগ (১১) নিখোঁজ হয়। এদের মধ্যে সোহাগ অপহরণের তিন দিন পর উদ্ধার হলেও বাকিরা নিখোঁজ রয়েছে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে। অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।