বরগুনায় অযত্নে পড়ে আছে বধ্যভূমিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে বরগুনায় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা মুক্তিযোদ্ধা ও নিরীহ লোকজনকে নির্বিচারে যেসব স্থানে হত্যা করেছিল, সেসব বধ্যভূমিগুলো যথাযথভাবে সংরক্ষণের অভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। শহীদদের শেষ স্মৃতিটুকু রক্ষায় এমন অবহেলাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন তাঁদের স্বজনেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, একাত্তরে বর্বর গণহত্যার সাক্ষী হয়ে আছে বরগুনা শহীদ স্মৃতি সড়কের গণকবর, কাকচিঁড়া মজিবর রহমান কনকের হত্যাকাণ্ডের স্থান, বরগুনার পুরোনো খেয়াঘাট এবং পাথরঘাটার মানিকখালীতে সাত শহীদের হত্যাকাণ্ডের স্থানগুলো। এসব বধ্যভূমি দীর্ঘদিন অযত্ন-অবহেলায় পড়ে থাকায় সেসব স্থান দখল হয়ে যাচ্ছে।এলাকাবাসী জানান, ১৯৭১ সালের ১০ অক্টোবর হানাদাররা বরগুনার পাথরঘাটার মানিকখালী এলাকার শিংড়াবুনিয়া গ্রামের বেপারি বাড়ি ঘেরাও করে সাতজনকে চোখ বেঁধে পার্শ্ববর্তী হরের খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করে। পরে লাশগুলো খালের পাড়ে একটি গর্তে মাটিচাপা দিয়ে রাখা হয়। শহীদ ক্ষিরোদ বেপারির স্ত্রী সুভদ্রা রানী বলেন, ‘দেড় বছর আগে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু আজও তা কার্যকর হয়নি।’১৯৭১ সালের ২৪ সেপ্টেম্বর পাথরঘাটার গহরপুর থেকে মুক্তিযোদ্ধা শাহজাহানকে রাজাকার ও শান্তি কমিটির লোকেরা ধরে নিয়ে যায়। সন্ধ্যা সাতটার দিকে পাথরঘাটা খালের পাড়ে নিয়ে তাঁকে হত্যা করা হয়। শাহজাহানকে যে স্থানে হত্যা করা হয়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও রক্ষণাবেক্ষণের অভাবে স্থানটি ভাগাড়ে পরিণত হয়েছে। শহীদ শাহজাহানের ছেলে রফিকুল ইসলাম বলেন, ‘বাবা দেশের জন্য জীবন দিয়েছেন, এতে আমরা গর্বিত। কিন্তু তাঁর স্মৃতিস্তম্ভটি অযত্নে পড়ে থাকাটা খুবই দুঃখজনক।একই অবস্থায় পড়ে আছে ১৯৭১ সালের ১৫ মে হানাদারদের হাতে নিহত পাথরঘাটার সেপাই আবদুল মজিদ, দিলীপ কুমার সাহা, কেশব গাইন, রাম গাইন, প্রহ্লাদ মিস্ত্রি, যাদব গাইন ও দিলীপ গাইনের হত্যাকাণ্ডস্থল। এদিকে উদ্বোধনের ১২ বছর পরও শেষ হয়নি বামনার বুকাবুনিয়া এলাকায় মুক্তিযুদ্ধের সাব-সেক্টর স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ। বরগুনার জেলা প্রশাসক মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে কোনো মুক্তিযোদ্ধা আমাকে জানাননি। তা ছাড়া গণপূর্ত বিভাগকে এসব বধ্যভূমি সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া আছে। তার পরও বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেব।’