বরগুনা-২ আসনের ( বামনা-বেতাগী-পাথরঘাটা) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার ওরফে হিরুর চেয়ে আট হাজার ১৯১ ভোটের ব্যবধানে পেয়ে এগিয়ে আছেন। বেসরকারি সূত্রে এ খবর জানা গেছে।
বেসরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৩টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের শওকত হাচানুর পেয়েছেন ৬৫ হাজার ৯২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের গোলাম সরোয়ার ওরফে হিরু পেয়েছেন ৫৭ হাজার ৭৩০ ভোট। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে পাথরঘাটা উপজেলার ৪০টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৩৩ হাজার ২০ ভোট, ইসলামী আন্দোলনের পাখা প্রতীক পেয়েছে ৩১ হাজার ১০৮ ভোট, বামনা উপজেলার ২২টি কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ১৪ হাজার ২৪ ভোট, ইসলামী আন্দোলনের পাখা প্রতীক পেয়েছে ১২ হাজার ৮৫ ভোট, বেতাগী উপজেলার ৩৪টি কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ১৮ হাজার ৮৭৭ ভোট, পাখা প্রতীক পেয়েছে ১৪ হাজার ৫৩৭ ভোট।
এদিকে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, তাঁরা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ৩৯টি কেন্দ্রের ফলাফল পেয়েছেন। সরকারিভাবে পাওয়া ৩৯টি কেন্দ্রের ফলাফলে ইসলামী আন্দোলন প্রার্থী পেয়েছেন ২৪ হাজার ৪৯৬ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ২৩ হাজার ৯৮৪ ভোট।