বরগুনায় আ.লীগ প্রার্থীর এজেন্টের ছয় মাসের কারাদণ্ড
বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান গোলাম কবিরের নির্বাচনী এজেন্ট হাবিবুর রহমান ফকিরের ছয় মাসের কারাদণ্ড হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ এ আদেশ দেন। হাবিবুরকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।
তিন ঘণ্টায় ৪০২ ভোট!
জেলার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও ভোটার উপস্থিতি খুবই কম। আজ বেলা ১১টার দিকে চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, তিন থেকে চারজন ভোটার ভোট দিচ্ছেন। মোট তিন হাজার ৩৪৫ ভোটারের মধ্যে তিন ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৪০২টি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিবিচিনি ইউনিয়নের ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লি মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও তিন ঘণ্টায় ১০ শতাংশের মতো ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান।