বরগুনায় আ.লীগের সম্ভাব্য চার প্রার্থীর গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর বরগুনা পৌরসভায় গণসংযোগ শুরু করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য চারজন মেয়র প্রার্থী। তবে বিএনপির কোনো প্রার্থীকে জনসংযোগ করতে দেখা যায়নি। এমনকি তাঁদের কোনো পোস্টার-ব্যানারও লাগানো হয়নি।
আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরা গত মঙ্গলবার বিকেল থেকে গণসংযোগ শুরু করেছেন।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর বরগুনা পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন গত বুধবার ও গতকাল শুক্রবার সকাল থেকে দিনভর শহরের ডিকেপি রোড ও ক্রোক, সদর রোড, বাজার রোড, গোলাম সরওয়ার রোডসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন। আওয়ামী লীগের আরেক মনোনয়নপ্রত্যাশী হুমায়ুন কবির মঙ্গলবার রাতে পশ্চিম বরগুনায় একটি মতবিনিময় সভা করে তাঁর পক্ষে ভোট চান। আওয়ামী লীগের অন্য দুই মনোনয়নপ্রত্যাশী মো. শাহজাহান ও কামরুল আহসান মহারাজ দুই দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন।
গণসংযোগকালে শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি পুনরায় দলের মনোনয়ন চাইব। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দলের কর্মী। দলের সিদ্ধান্ত আমার পক্ষে না এলে আমি নির্বাচন করব না। কারণ, আমি দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।’
দুইবারের নির্বাচিত সাবেক মেয়র মো. শাহজাহান বলেন, ‘দলের কাছে আমি মনোনয়ন চাইব। দল মনোনয়ন না দিলে তখন আমার সমর্থকদের সঙ্গে পরামর্শ করে তাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেব।’
এদিকে গতকাল শুক্রবার পর্যন্ত বিএনপির কোনো প্রার্থীকে মাঠে দেখা যায়নি। এমনকি সম্ভাব্য প্রার্থী কারা তা-ও জানা যায়নি। গত নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী নূরুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দল নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেও এবার আমি শারীরিক অসুস্থতার কারণে প্রার্থী হব না।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনে যাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা নির্বাচনে যাওয়ার পক্ষে হলে তখন আমরা বসে সিদ্ধান্ত নেব আমাদের দলের পক্ষ থেকে কে প্রার্থী হবে। এখন পর্যন্ত আমরা প্রার্থী ঠিক করিনি এবং সম্ভাব্য প্রার্থী হিসেবে কেউ মাঠেও নামেনি।’