বরগুনায় আ.লীগের হরিষে বিষাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার চারটি উপজেলার মধ্যে তিনটিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের বেশির ভাগই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জিতেছেন। তবে সদরে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত প্রার্থী জয়ী হওয়ায় আওয়ামী লীগের বিজয়ের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। গত সোমবার রাতে ফল ঘোষণার পর বরগুনা শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা যায়।
সোমবার বরগুনার চারটি উপজেলায় নির্বাচন হয়। বেসরকারি ফলাফলে সদরের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বাদে তিনটি উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। সদরে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন এককভাবে নির্বাচনে অংশ নেওয়া জামায়াত-সমর্থিত প্রার্থী ও বরগুনা শহর জামায়াতের আমীর মো. মহিবুল্লাহ হারুন। তিনি পান ৩৪ হাজার ৮৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন (বিদ্রোহী) পেয়েছেন ২৬ হাজার ৬১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। আমতলী উপজেলায় নির্বাচনের ফল ঘোষণা স্থগিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সদরের দল-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ ওরফে কবির বলেন, ‘আমাকে দলীয় সমর্থন দিয়ে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জেলা ছাত্রলীগের সভাপতিকে “বিদ্রোহী” প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তাঁরা আমার ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেননি বলে দুটি পদেই আমরা হেরে গেছি। এ সুযোগ নিয়েছে জামায়াতের প্রার্থী। এ জন্য জেলা আওয়ামী লীগের নেতৃত্বের দুর্বলতা দায়ী।’
আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, স্বাধীনতার পর বরগুনা জেলায় এবারই প্রথম জামায়াত-সমর্থিত কোনো প্রার্থী জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁরা বিস্মিত ও হতভম্ব। মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যেও এ নিয়ে তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন তৃণমূল নেতা প্রথম আলোকে বলেন, দলের মধ্যে যে দ্বন্দ্ব-অবিশ্বাস পুঞ্জিভূত হয়ে আছে, এটা তারই বহিঃপ্রকাশ। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার বলেন, প্রগতিশীল রাজনীতির জন্য সুপরিচিত এ জেলায় একটি প্রতিক্রিয়াশীল দলের প্রার্থী জয়ী হওয়ার বিষয়টি খুবই উদ্বেগের এবং এটা আমাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, ‘এখানে দলের দুজন প্রার্থী থাকায় এটা হয়েছে। দলের মধ্যে অবিশ্বাসসহ আরও কিছু সমস্যা এ জন্য দায়ী। অচিরেই আমরা এ নিয়ে বসব এবং দলের কেউ আত্মঘাতী কাজ করেছেন কি না সেসব খতিয়ে দেখা হবে।’