বরগুনায় আইনশৃঙ্খলা নিয়ে ভোটার ও প্রার্থীরা শঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার ৩৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। গত দুই দিনে বিভিন্ন ইউনিয়নে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ভোটারদের ভয়ভীতি, প্রচারণায় বাধা দান, আচরণবিধি লঙ্ঘনের নানা ঘটনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গত শুক্রবার রাতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, শুক্রবার সকালে তাঁর স্ত্রীকে লাঞ্ছিত এবং ছোট ভাই গোলাম সরোয়ারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। জাফর নামের এক কর্মীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। তাঁর কোনো কর্মীকে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে সশস্ত্র পাহারা দেওয়া হচ্ছে। এমনকি তাঁর সমর্থক ভোটারদের কেন্দ্রে গিয়ে প্রকাশ্যে ভোট না দিলে এলাকাছাড়া করার ভয় দেখানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী সিদ্দিকুর রহমান সরকার স্থানীয় সাংসদের আপন ভায়রা হওয়ায় সাংসদের স্ত্রী প্রতিদিন তাঁর পক্ষে নির্বাচনী সভা ও প্রচারণায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। সংবাদ সম্মেলন করার সময় গোলাম কিবরিয়ার কয়েক হাজার সমর্থক সুষ্ঠু ও ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মৌন মিছিল করে প্রেসক্লাবের সামনে জড়ো হন।সিদ্দিকুর রহমান এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সব অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। সাংসদের স্ত্রী তাঁর পক্ষে প্রচারণা চালানোর কথা স্বীকার তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগের সব নেতা-কর্মী আমার পক্ষে নেমেছেন।’ এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তা আমি জানি না।’সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ মাতুব্বরের ছেলে রুমীকে (২২) গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় রুমীকে ওই দিন গভীর রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হানিফ মাতুব্বর অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী অর্থ ও সন্ত্রাসী দিয়ে প্রভাব বিস্তার করে তাঁর জয় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টার অংশ হিসেবে তাঁর ছেলেকে গুরুতর আহত করা হয়েছে। গতকাল রোববার সকালে বরগুনা সদর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল হাওলাদারের সমর্থক আবু বকরকে পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সহিংসতা বৃদ্ধির ঘটনা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা গ্রামের ভোটার কাঞ্চন আলী মৃধা বলেন, ‘দিন দিন পরিস্থিতি যেই রহম অইতে আছে, হ্যাতে ভোটকেন্দ্রে যাইতে পারি কি না কইতে পারি না।’ একই গ্রামের নুরুদ্দিন আহমেদ বলেন, ‘মানুষের মধ্যে খালি ভীতি। যেভাবে ভয়ভীতি দেহাইতে আছে, তাতে সুষ্ঠু নির্বাচন অইবে কি না সন্দেহ।’বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর ভূমিকা রেখে যাচ্ছে। আশা করি, ভোটাররা নির্ভয়ে ও প্রভাবমুক্ত পরিবেশে তাঁদের ভোট প্রয়োগ করতে পারবেন। কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না।