বরগুনায় আমতলা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
বরগুনা শহরের ৫ নম্বর ওয়ার্ডের আমতলা খাল দখলমুক্ত করে খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার সকালে শহরের আমতলা সড়কে খালটির দক্ষিণ পারে এ কর্মসূচি পালন করা হয়। এর আগের দিন বিকেলে একই দাবিতে তাঁরা বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
গতকাল মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বরগুনা সদরের বুড়িরচর ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, বরগুনা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক সুখরঞ্জন শীল, জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল করিম, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম, কলেজশিক্ষক হোসেন প্রমুখ প্রমুখ।
বক্তারা বলেন, আমতলা খালটি ১০ বছর আগেও অনেক প্রশস্ত ছিল। পানির প্রবাহ ছিল। কিন্তু দুই পারের কিছু প্রভাবশালী ব্যক্তি খাল ভরাট করেছেন। এতে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে পুরো এলাকার পয়োনিষ্কাশনসহ আশপাশের এলাকার চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে খালটি জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থায়নে বরগুনা পৌরসভা কর্তৃপক্ষ খননের উদ্যোগ নিয়েছে। কিন্তু দুই পারের দখলদারদের উচ্ছেদ না করেই খনন কার্যক্রম শুরু করলে প্রকল্পের আসল উদ্দেশ্য ব্যাহত হবে। এলাকাবাসীর দাবি, এসএ নকশা অনুযায়ী খালের সীমানা চিহ্নিত করে দখলদারদের উচ্ছেদ করে খনন করতে হবে।