বরগুনায় ইউপি চেয়ারম্যান সচিব ও ১০ সদস্য জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিডির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, ইউপি সচিব ও ১০ জন ইউপি সদস্যকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জেলা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দুস্থ নারীদের জন্য সরকারের ভিজিডি প্রকল্পের অধীনে বিতরণকৃত চাল ৩০ কেজির স্থলে ২২ থেকে ২৩ কেজি করে বিতরণের অভিযোগ এনে ২০১২ সালের ২৮ আগস্ট জেলা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ইউপি চেয়ারম্যান, সচিব ও ১০ জন সদস্যসহ ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ভিজিডি সুবিধাভোগী মোসামঞ্চৎ নাসরীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জেলা জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। পরে দুদকের পটুয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক আহসান আলী মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে ২০১২ সালের ১৮ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। বাদী দুদকের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করলে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। সে অনুযায়ী গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান আজিজুল হক, ইউপি সচিব আনোয়ারুল ইসলাম, সদস্য রানী বেগম, জাহানারা বেগম, বারী আজাদ, এনামুল হক, আবু হেনা মোস্তফা জামাল, আলী হোসেন দর্জি, হারুন অর রশিদ, আফজাল হোসেন, ওয়াজেদ আলী খান ও ওবায়দুল হক আদালতে হাজির হলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি ইউপি সদস্য গোলাম আম্বিয়া আদালতে হাজির হননি। বাদী অভিযোগ করেন, ২০১২ সালের ১৭ ডিসেম্বর ভিজিডির চাল বিরতণে অনিয়ম হওয়ায় তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করলে তৎকালীন ইউএনও সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান এবং দুই ইউপি সদস্যকে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। কিন্তু এর পরও চাল বিতরণে অনিয়ম বন্ধ না হওয়ায় পরের দিন তিনি আদালতে এ মামলা করেন। তবে ইউপি চেয়ারম্যান আজিজুল হক শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তাঁর প্রতিপক্ষের ইন্ধনে এ মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন।