বরগুনায় ইমাম, টঙ্গীতে পুলিশের সোর্স খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে বরগুনায় সোহরাব হোসেন নামের এক ইমাম খুন হয়েছেন। টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন আশিকুর রহমান নামের পুলিশের একজন সোর্স। এ ছাড়া দিনাজপুরে উদ্ধার হয়েছে মিন্নাত আলী নামের এক ব্যক্তির লাশ। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:বরগুনা: সদর উপজেলার যুগিরতবক মসজিদের ইমাম সোহরাব হোসেন (৫৫) কয়েক বছর আগে তাঁর সত্ভাই মোতালেব বেপারির (৫২) কাছ থেকে এক খণ্ড জমি কেনেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি ওই জমি ফেরত দেওয়ার জন্য তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন মোতালেব। গতকাল শনিবার সকালে সোহরাব যুগিরতবক বাজারে গেলে মোতালেব তাঁকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন রক্তমাখা ছুরিসহ মোতালেবকে আটক করে পুলিশে সোপর্দ করে। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, এ ঘটনায় নিহত সোহরাবের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।শ্রীপুর (গাজীপুর): টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, টঙ্গীর এরশাদনগর এলাকার রিকশা ব্যবসায়ী আশিকুর রহমান (২৫) শুক্রবার রাতে তাঁর গ্যারেজের সামনে বসে রিকশাচালকদের কাছ থেকে ভাড়া জমা নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে হঠাত্ দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এসআই মান্নান আরও জানান, আশিক এলাকার অপরাধ কর্মকাণ্ড ও অপরাধীদের সম্পর্কে পুলিশকে জানাতেন। এরই জের ধরে স্থানীয় মানিক ও তাঁর লোকজন মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।দিনাজপুর: সদর উপজেলার চেরাডাঙ্গী গ্রামের একটি মেলা চলছে। মেলার পাশের জঙ্গল থেকে পুলিশ গতকাল সকালে মিন্নাত আলী (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি উপজেলার ৭ নম্বর উথরাইল ইউনিয়নের দক্ষিণ সাদিপুর গ্রামে।নিহত মিন্নাতের বাবা ফয়েজ উদ্দিন জানান, মিন্নাত একজন ভটভটি চালক। মেলায় ‘হীরা লাকি কুপন লটারি’ নামের একটি প্রতিযোগিতার সঙ্গে জড়িত ছিলেন তিনি। মেলা কমিটির সভাপতি মোস্তফা কামাল জানান, রাত ১০টা পর্যন্ত মিন্নাতকে মেলায় দেখা গেছে। সকালে মেলাসংলগ্ন জঙ্গলে তাঁর লাশ দেখতে পাওয়া যায়।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান জানান, মিন্নাতকে অন্য কোথাও হত্যা করে লাশ মেলার পাশে ফেলে রাখা হতে পারে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।