বরগুনা সদর, বেতাগী ও পাথরঘাটা পৌরসভায় মেয়র পদে যাঁদের মনোনয়ন দিতে স্থানীয় আওয়ামী লীগ সুপারিশ করেছিল, তাঁদের কেউই শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। এতে বরগুনা সদর ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে পাথরঘাটায় কোনো প্রতিক্রিয়া নেই।
বেতাগী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এ বি এম গোলাম কবিরের সমর্থকেরা উপজেলা শহরে গত মঙ্গলবার রাতে বিক্ষোভের পাশাপাশি গতকাল বুধবার ‘সকাল-সন্ধ্যা হরতাল’ পালন করেছেন। আর বরগুনা সদরের বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সমর্থকেরা গতকাল বিকেলে বিক্ষোভ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বরগুনা জেলা আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বরগুনা সদরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির, পাথরঘাটায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাবির হোসেন, বেতাগী পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবিরকে দলীয় মনোনয়ন দেওয়ার সুপারিশ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি সোমবার রাতেই আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়। কিন্তু কেন্দ্র মঙ্গলবার রাতে জেলার তিন পৌরসভায় যাঁদের মনোনীত করেছে, তাঁদের মধ্যে ওই তিনজনের নাম নেই। কেন্দ্র বরগুনা সদরে জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান মহারাজ, বেতাগীতে বর্তমান মেয়র আলতাফ হোসেন বিশ্বাস ও পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার হোসেন আকনকে দলীয় মনোনয়ন দিয়েছে।
কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের এই সিদ্ধান্ত জানার পর বরগুনা সদরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। উদ্ভূত পরিস্থিতিতে জেলা আওয়ামী লীগ গতকাল দুপুরে বরগুনা সার্কিট হাউসে জরুরি সভা ডাকে। এতে জেলা সভাপতি ও বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক আবদুল মোতালেব মৃধাসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। এরপর বিকেলে সদর পৌরসভার বর্তমান মেয়র শাহাদাত হোসেন সমর্থকদের নিয়ে শহরের বঙ্গবন্ধু কমপ্লেক্সে সভা করেন। পরে তাঁর সমর্থকেরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, ‘দলীয় মনোনয়ন নিয়ে অনেকটা সমস্যা হয়েছে। কারণ, আমরা এখান থেকে যাঁদের মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছি, তাঁদের কেউই মনোনয়ন পাননি। আর কেন্দ্রীয় নেতারা যদি জনমত ও গোয়েন্দা তথ্য যাচাই করে মনোনয়ন দিতেন, তাহলেও এমনটা হওয়ার কথা নয়।’
এদিকে কেন্দ্রের সিদ্ধান্ত জানার পর বেতাগী আওয়ামী লীগে ব্যাপক ক্ষোভ শুরু হয়। মনোনয়ন পরিবর্তনের দাবিতে মঙ্গলবার রাতেই বিক্ষোভ শুরু করেন মনোনয়নপ্রত্যাশী গোলাম কবিরের সমর্থকেরা। এরপর উপজেলা শহরে গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালন করেন তাঁরা।
গোলাম কবির অভিযোগ করেন, দলীয় নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্র বর্তমান মেয়র আলতাফকে মনোনয়ন দিয়েছে। অথচ তিনি বেতাগী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। পরবর্তী সময়ে আওয়ামী লীগে যোগ দিলেও আলতাফ দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়। এই মনোনয়ন প্রত্যাহার না করা পর্যন্ত বেতাগী আওয়ামী লীগ আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন তিনি।
তবে আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এসব আন্দোলনের সঙ্গে সাধারণ ভোটারদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ, বেতাগী আওয়ামী লীগ চার-পাঁচজনের হাতে দীর্ঘদিন জিম্মি। এই জিম্মিদশা থেকে মুক্তির জন্যই দলীয় সভানেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন।’
পাথরঘাটায় দলীয় মনোনয়ন নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। স্থানীয় আওয়ামী লীগের সুপারিশের পরও কেন্দ্রের মনোনয়ন না পাওয়া জাবির হোসেন প্রথম আলোকে বলেন, তিনি কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।