বরগুনায় একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধা দেওয়ায় বরগুনায় এক তরুণ শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর বাবা, মা ও বড় ভাইও অগ্নিদগ্ধ হন।গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নলী গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আবদুস সালাম (৭০), তাঁর স্ত্রী কুলকুম বেগম (৬০), ছেলে মুকুল (৪০) ও মো. রিয়াজ (২০)।পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি রিয়াজ ফরিদপুর থেকে তাঁর প্রেমিকাকে বাড়িতে নিয়ে আসেন এবং তাঁকে বিয়ে করতে চান। কিন্তু পরিবারের লোকজন তাঁকে বাধা দেয়। এরপর মুকুল মেয়েটিকে চার দিন আগে তাঁর বাবার বাড়িতে দিয়ে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় রিয়াজ নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁকে রক্ষার জন্য আবদুস সালাম, কুলসুম ও মুকুল এগিয়ে এসে দগ্ধ হন। এলাকাবাসী তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন জানান, চারজনই দগ্ধ হয়েছেন। তবে রিয়াজের অবস্থা গুরুতর।