বরগুনায় ওএমএস কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো বরগুনায় গত বুধবার থেকে খোলাবাজারে (ওএমএস) চাল-আটা বিক্রি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
ফলে শ্রমজীবী ও হতদরিদ্র লোকজন বিপাকে পড়েছেন। খোলাবাজার থেকে ২৪ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ থাকলেও এখন তাঁদের একই মানের চাল ৩০-৩২ টাকায় কিনতে হচ্ছে।
বরগুনা পৌর শহরের ডিকেপি রোড এলাকার রিকশাচালক আবদুর রব মিয়া বলেন, ‘আগে রিকশা চালাইয়্যা দৈনিক ৩০০-৩৫০ টাকা আয় করতাম। এহন হরতাল-অবরোধে রিকশা লইয়্যা রাস্তায় নামতে পারি না। কোনোমতে নামলেও এহন দৈনিক ১০০-১৫০ টাকার বেশি আয় অয় না। খোলাবাজার দিয়া আগে ২৪ টাকায় চাউল কেনতাম, এহন হেইয়্যা বন্ধ অইয়্যা যাওনে ৩০-৩২ টাকায় হেই চাউল কেনা লাগে। এই রহম অবস্থা চলতে থাকলে মোগো না খাইয়্যা মরণ ছাড়া কোনো পথ নাই।’
বরগুনা সদরের ধুপতি এলাকার দিনমজুর কামাল হোসেন বলেন, ‘হারা দিন কাম কইর‌্যা ২০০-২৫০ টাকা পাই। এহন হরতালের কারণে আয় কইমঞ্চা গ্যাছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার চলতি বছরের ১৫ সেপ্টেম্বর দেশের সব জেলা শহরে ওএমএস কার্যক্রম চালু করে। ছুটির দিন ছাড়া সপ্তাহের ছয় দিন খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ডিলাররা খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রি করেন। বরগুনা শহরের নয়টি স্থানে নয়জন ডিলার এসব চাল ও আটা বিক্রি করতেন। এ জন্য প্রত্যেক ডিলারকে সপ্তাহে তিন মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন আটা সরবরাহ করা হতো। ডিলাররা কেজিপ্রতি চাল ২৪ টাকা ও আটা ২১ টাকা দরে খোলাবাজারে বিক্রি করতেন।
ওএমএসের একাধিক ডিলার জানান, গত মঙ্গলবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চাল ও আটার জন্য টাকা জমা দিতে গিয়ে তাঁরা জানতে পারেন, এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
ডিলার ইলিয়াস মোল্লা জানান, ৪ ডিসেম্বর থেকে ওএমএস বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাজারে চালের মূল্য কেজিপ্রতি পাঁচ-ছয় টাকা করে বৃদ্ধি পেয়েছে।
বরগুনার পাইকারি বাজারের চাল ব্যবসায়ী শঙ্কর তালুকদার বলেন, ওএমএস ডিলারদের মাধ্যমে চাল বিক্রি হওয়ায় চালের বাজার অনেকটা নিয়ন্ত্রণে ছিল।
বর্তমানে অব্যাহত হরতাল-অবরোধের কারণে চালের সরবরাহ কমে যাওয়ায় এবং ওএমএস কার্যক্রম বন্ধ হওয়ায় বাজার কিছুটা অস্থিতিশীল হতে শুরু করেছে।
গতকাল শনিবার বরগুনা জেলা খাদ্য কর্মকর্তা ফারুক হোসেন বলেন, সরকার বাজার স্থিতিশীল রাখতে খোলাবাজারে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমানে কাবিখা-টিআর প্রকল্পের কাজ চলছে বলে খোলাবাজারে চাল-আটা বিক্রি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।