বরগুনায় কলেজছাত্রী ধর্ষণের শিকার
বরগুনায় এক কলেজছাত্রীকে (১৭) তার কথিত প্রেমিক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় শনিবার রাতে তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কথিত প্রেমিক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই ছাত্রীর নানা বাদী হয়ে গতকাল রোববার সকালে পাথরঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পারিবারিক সূত্র জানায়, বরগুনার বেতাগী উপজেলার ওই কলেজছাত্রী পাথরঘাটা উপজেলায় তার নানাবাড়িতে থেকে একটি কলেজে পড়াশোনা করে।
শনিবার কলেজে আসার পথে কথিত প্রেমিক পাথরঘাটা উপজেলার দক্ষিণ কূপদোন গ্রামের জাকির হোসেন মেয়েটিকে ফুসলিয়ে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।
এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির নিবন্ধন খাতায় মেয়েটির স্বামীর নাম লেখানো হয় ইমরান হোসেন। এতে হাসপাতালের কর্মচারীদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি পাথরঘাটা থানায় জানান।
পরে পুলিশ সেখান থেকে জাকিরকে গ্রেপ্তার করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির ধর্ষণের কথা স্বীকার করেছে।