বরগুনায় কলেজছাত্রীকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় বুধবার এক কলেজছাত্রীকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশী এক বখাটে। ওই কলেজছাত্রীকে গতকাল বৃহস্পতিবার বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই ছাত্রী জানান, তিনি উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ারকরুণা গ্রামে তাঁর নানির বাড়িতে থেকে বেতাগী ডিগ্রি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। প্রতিবেশী শাহিন মৃধা (৩৮) তিন মাস ধরে কলেজে যাওয়ার পথে প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করতেন এবং বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু তাতে তিনি রাজি হননি। বুধবার সকালে তিনি বাড়ির সামনে গেলে শাহিন তাঁর পথ রোধ করে পুনরায় বিয়ের প্রস্তাব দেন এবং কবে বিয়ে করবে তা দ্রুত জানাতে বলেন। বিষয়টি নানিকে জানালে নানি মনোয়ারা বেগম শাহিনের স্ত্রী শাহিনূরকে জানান। বিকেলে স্ত্রীর কাছে নালিশের কথা শুনে শাহিন ক্ষিপ্ত হয়ে তাঁর নানির বাড়ি আসেন। সেখানে তাঁকে বেধড়ক পেটান। এতে তাঁর বাঁ হাতে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। এ সময় নানি ও অন্যান্য লোকজন এসে তাঁকে রক্ষা করেন। পরে শাহিনের আত্মীয়স্বজনেরা স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু শাহিনের আত্মীয়স্বজনেরা তাতে বাধা দেন। তাঁরা ওই চিকিৎসককে দিয়ে তাঁর বাঁ হাতে সেলাই দেন এবং প্রাথমিক চিকিৎসা করান। গতকাল এ খবর পেয়ে তাঁর বাবা-মা এসে তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে শাহিনের সঙ্গে গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকের পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পুনরায় ফোন করলে শাহিনের স্ত্রী শাহিনূর বলেন, কথা-কাটাকাটির জের ধরে মেয়েটিকে সামান্য মারধর করেছে তাঁর স্বামী। তাঁর স্বামী মেয়েটিকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়েছিল—এমন প্রশ্ন করা হলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তবে কী নিয়ে কথা-কাটাকাটি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেননি। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক বলেন, ‘বিষয়টি ফোনে আমাকে মেয়েটির এক আত্মীয় জানিয়েছে। আমি তাঁদের থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলেছি।’