বরগুনায় ক্লিনিকে ফের প্রসূতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করাতে গিয়ে আবারও এক প্রসূতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে শহরের আল-মানার ইসলামী হাসপাতালে মার্জিয়া পারভীন (২৮) নামের ওই প্রসূতির অস্ত্রোপচার করেন বরগুনা জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগের কনিষ্ঠ পরামর্শক কামরুল ইসলাম।অস্ত্রোপচারের পর তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হলে তড়িঘড়ি হাসপাতালের লোকজন তাঁকে অ্যাম্বুলেন্সে তুলে দেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোমবার সন্ধ্যায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে। মার্জিয়া পারভীন ন্যাশনাল সার্ভিসের কর্মী হিসেবে সদর উপজেলার আয়লা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মার্জিয়া পারভীনের স্বামী মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে মার্জিয়াকে ওই ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসক কামরুল ইসলাম ও অপর একজন চিকিৎসক দুপুর ১২টার দিকে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেন। সোয়া একটার দিকে অস্ত্রোপচার কক্ষ থেকে তিনি বের হয়ে জানান, রোগীর অবস্থা ভালো না, দ্রুত তাঁকে বরিশালে নিতে হবে। তিনি অভিযোগ করেন, বরগুনায় অস্ত্রোপচার কক্ষ থেকে বের করার সময় মার্জিয়ার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাঁদের ধারণা, অস্ত্রোপচারের সময় বড় ধরনের কোনো ভুলের কারণে এমন হয়েছে। আল-মানার ইসলামী হাসপাতালের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন বলেন, ‘দুপুর দেড়টার দিকে কামরুল সাহেব ওটি থেকে বের হয়ে আমাকে বলেন রোগীর অবস্থা ভালো না, বরিশালে পাঠাতে হবে। এরপর আমি দ্রুত একটি অ্যাম্বুলেন্স ঠিক করে দিই ও পৌনে দুইটার দিকে রোগীকে বরিশালের উদ্দেশে পাঠিয়ে দিই।’ কামরুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।