বরগুনায় খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বরগুনায় ভূগর্ভের পানিতে লবণাক্ততা ছড়িয়ে পড়ছে। একই কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় শীত ও গ্রীষ্ম মৌসুমে জেলার অধিকাংশ নলকূপে পানি উঠছে না। এতে জেলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানের জন্য ভূ-উপরিস্থ পানি বিশুদ্ধকরণের সহজলভ্য উপায় উদ্ভাবন ও পুকুরের পানি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন জনস্বাস্থ্য প্রকৌশলীরা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় বর্তমানে ১৪ হাজার ৩৭১টি গভীর নলকূপ, ৫৬১টি পিএসএফ (পুকুরের পানি বিশুদ্ধ করার বালুর ফিল্টার) রয়েছে। এর মধ্যে ৪৪০টি গভীর নলকূপ এবং ৩৮৩টি পিএসএফ স্থায়ীভাবে অকেজো। বরগুনায় ভূগর্ভস্থ পানি পেতে এলাকাভেদে ৯০০ থেকে এক হাজার ২০০ ফুট গভীরে পাইপ স্থাপন করা প্রয়োজন। তবে শীত ও গ্রীষ্ম মৌসুমে এই গভীরতায় পাইপ স্থাপন করেও অনেক এলাকার নলকূপে পানি ওঠে না। আবার নদ-নদীর পানিতে অসহনীয় মাত্রায় লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় ভূগর্ভের পানিতেও তা ছড়িয়ে পড়ছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা জানান, শুষ্ক মৌসুমে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের ৩৫ শতাংশ নদীর পানিতে ২ ডিএস/এম মাত্রার কম, ৬ শতাংশে দুই থেকে পাঁচ মাত্রার মধ্যে ও ৫৯ শতাংশ নদীর পানিতে পাঁচ মাত্রার বেশি লবণ থাকে। পানিতে লবণাক্ততার সহনীয় মাত্রা হচ্ছে শূন্য দশমিক ৭৫ ডিএস/এম।
ইনস্টিটিউটের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা লিয়াকত আলী জানান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় এবং বৃষ্টিপাত কমে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত পানি নদ-নদী দিয়ে স্থলভাগের কাছাকাছি চলে আসে এবং উপকূলীয় এলাকার ভূ-উপরিস্থ পানির উৎসে ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ছে মাটি ও ভূগর্ভের জলাধারে। এতে পানির সংকট আরও বাড়বে। বিশুদ্ধ পানি পাওয়ার জন্য পুকুর ও খালগুলো পুনঃখনন ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার।
সদরের দক্ষিণ খাজুরতলা গ্রামের কৃষক আবুল হোসেন হাওলাদার জানান, এই গ্রামের প্রায় ৪০০ মানুষের জন্য আফতাব উদ্দীন হাওলাদারের বাড়িতে একটি নলকূপ আছে। শীত ও গ্রীষ্ম মৌসুমে এ নলকূপে পানি ওঠে না। বালিতলী ইউনিয়নের পাতাকাটা, নলটোনার গাজী মাহমুদ, গর্জনবুনিয়া, পশ্চিম নিশানবাড়িয়া এলাকার অনেক নলকূপে লোনাপানি ওঠে।
পাথরঘাটা উপজেলার দুটি ইউনিয়নের নলকূপে অতি মাত্রায় ও চারটি ইউনিয়নে মাঝারি মাত্রার লোনাপানি ওঠে। জেলার আমতলী ও তালতলী উপজেলার ১৪টি ইউনিয়নে চার হাজার ৩১৮টি গভীর নলকূপ থাকলেও ১৭২টি সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। গ্রীষ্ম মৌসুমে দুই উপজেলার অধিকাংশ নলকূপে পানি পাওয়া যায় না। তালতলী উপজেলার বড় বগি, সোনাকাটা, নিশানবাড়িয়া, শারিকখালী ইউনিয়নের অধিকাংশ নলকূপে লোনাপানি ওঠে।
জানা গেছে, সম্প্রতি বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন সদর ও তালতলী উপজেলার সাতটি ইউনিয়নে একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের অধীনে ৬৬টি গভীর নলকূপ, ১৪টি পুকুর পুনঃখনন করে তাতে বালুর ফিল্টার স্থাপন এবং ২০টি মিষ্টি পানির সংরক্ষণাগার নির্মাণ করা হবে। সংগ্রাম ও এনএসএস নামে দুটি বেসরকারি সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করবে।
এনএসএসের পরিচালক শাহাবুদ্দিন জানান, ঘূর্ণিঝড় সিডর-আইলার পর লবণাক্ততার কারণে উপকূলীয় এলাকায় মিঠা ও বিশুদ্ধ পানির সংকট এখন নতুন দুর্যোগ হয়ে এসেছে। বর্তমানে বরগুনার ৪৫ ভাগ এলাকার নলকূপে গ্রীষ্ম ও শীত মৌসুমে পানি পাওয়া যায় না।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘লবণাক্ততা ও পানি-সংকটের সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’