বরগুনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের চালিতাতলা গ্রামে পারুল বেগম (২০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পারুল আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর স্বজনেরা জানান। পারুলের বাবা সুলতান খান জানান, দেড় বছর আগে চালিতাতলা গ্রামের মো. হিরনের সঙ্গে বিয়ের পর থেকেই পারুলের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন হিরন। যৌতুক না দেওয়ায় কয়েক মাস ধরে পারুলের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। গত শনিবার রাতে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্বশুর আনোয়ার হোসেন, দেবর মামুন ও মামাশ্বশুর রতন মিয়া পারুলের ওপর নির্যাতন চালান। এতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তিনি মারা যান। অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও পারুলের শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।বরগুনা থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।