বরগুনায় ঘরে ঢুকে পড়েছে জোয়ারের পানি
বরগুনায় গতকাল শনিবারও জলোচ্ছ্বাস হওয়ায় অনেক এলাকার বসতঘরে হাঁটুপানি ঢুকে পড়েছে। এসব এলাকার বাসিন্দারা মালামাল নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে গৃহহীন ও ক্ষতিগ্রস্ত প্রায় ৭৯ হাজার পরিবারের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।পাউবো কর্মকর্তারা জানান, গতকাল জেলার নদ-নদীতে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়। এসব নদ-নদীতে জোয়ারের মোট উচ্চতা ছিল ৩ দশমিক ২৩ মিটার। সকালে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়নের দুর্গত গ্রামগুলো ঘুরে দেখা গেছে, ঘরে পানি উঠে পড়ায় এসব গ্রামের অনেক পরিবার বাড়িঘর ছেড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। নলবুনিয়া গ্রামের গৃহবধূ নাজমা বেগম বলেন, ‘বইন্নায় ঘর-দুয়ার সব গ্যাছে। চাইরদিকে পানি থাকলেও এত দিন ভাঙাচুরা ঘরে পানি ওডে নায়। কিন্তু আইজ (শনিবার) ঘরের মধ্যে আডু হোমান পানি।’নদ-নদীর পানি বৃদ্ধি ও ভারী বর্ষণের কারণে তালতলীর ছয়টি ইউনিয়নের প্রায় ৬০টি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার এখনো পানিবন্দী রয়েছে। সদর উপজেলার বালিয়াতলী, নলটোনা, বদরখালী ও বুড়িরচর ইউনিয়নের ৪০টি গ্রামের ১০ হাজার এবং পাথরঘাটার সদর, কালমেঘা, কাঁঠালতলী ও চরদুয়ানি ইউনিয়নের ২০টি গ্রামের পাঁচ হাজার পরিবার নতুন করে জলাবদ্ধতার কবলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে ঘূর্ণিঝড় মহাসেনে আক্রান্ত ব্যক্তিদের পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ না হওয়ায় দুর্ভোগ বাড়ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তারা জানান, গতকাল পর্যন্ত জেলায় বরাদ্দ পাওয়া গেছে ৫০০ মেট্রিক টন চাল এবং নগদ ২২ লাখ টাকা।এই বরাদ্দ থেকে ছয়টি উপজেলায় ৪৬০ মেট্রিক টন চাল ও নগদ ২০ লাখ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পর আট কোটি টাকার চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছিল। কিন্তু পাওয়া গেছে মাত্র ২২ লাখ টাকা।