বরগুনায় ঘূর্ণিঝড়ে ১০টি ঘর বিধ্বস্ত
বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বানাই গ্রামে ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে গত শুক্রবার রাতে প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড়ে আটজন আহতসহ ১০টি ঘর বিধ্বস্ত হয়েছে।স্থানীয় লোকজন জানান, ওই দিন রাত সাড়ে তিনটার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে মাইজভান্ডারি পীরের একটি খানকা গৃহসহ মুহূর্তেই ১০টি ঘর বিধ্বস্ত হয়ে যায়। এ সময় হযরত আলী, মোসলেম আলী, ইসাহাক হাওলাদার, ইউনুস আলী, রিপন মিয়া, শাহজান মিয়া, মো. আলম, আ. মান্নান আহত হন। ঘূর্ণিঝড়টি ১০-১২ মিনিট স্থায়ী হয়।গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, বিধ্বস্ত বাড়িঘরের কাঠ, টিন ও অন্য প্রয়োজনীয় জিনিস ক্ষতিগ্রস্ত লোকজন টোকাচ্ছে। গৃহহীন পরিবারের নারী ও শিশুরা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে বরগুনাসহ দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় গত শুক্রবার থেকে টানা প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।এ ছাড়া লায়লার প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ মাছধরা ট্রলার এফবি জান্নাতের ১৪ জন জেলের গতকালও কোনো খোঁজ পাওয়া যায়নি। পাথরঘাটার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, দুই দিন ধরে অনেক চেষ্টা করেও ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।