বরগুনায় চলছে আঞ্চলিক গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। ছবি: প্রথম আলো
বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব। ছবি: প্রথম আলো

শিশিরভেজা শীতের সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বরগুনায় শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, জাতীয় গণিত উৎসব ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান মোনালিসা। জাতীয় গণিত উৎসবের পতাকা উত্তোলন করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হামিদা বেগম এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম। পরে শিক্ষার্থীদের নিয়ে বেলুন উড়িয়ে দেওয়া হয়।

গণিত প্রতি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল ইসলাম বলেন, গণিত মানুষের মেধার বিকাশ ঘটায়। গণিত নিয়ে ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান তিনি।

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকও গণিত নিয়ে এই ব্যতিক্রম আয়োজনের জন্য প্রথম আলোকে সাধুবাদ জানান।

সনাকের সহসভাপতি হামিদা বেগম বলেন, ‘আজ তোমরা বরগুনার আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণ করেছ। একদিন তোমরাই বিজয়ের মেডেল নিয়ে আসবে। শিক্ষার্থীদের ভেতরে নানা গণিতভীতি রয়েছে। তাই গণিত উৎসবের বিকল্প নেই।’

উদ্বোধনী অনুষ্ঠানের পর বরগুনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শ শিক্ষার্থী এক ঘণ্টার মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয়।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় উৎসব আয়োজন করছে গণিত অলিম্পিয়াড কমিটি। উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন প্রথম আলোর বন্ধুসভার বন্ধুরা।