বরগুনায় চার বছর ধরে চলছে অবৈধ গরুর হাট
প্রশাসনের অনুমোদন ছাড়াই বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ চৌমুহনী বাজারের পাশে সরকারি প্রায় এক একর জমিতে চার বছর ধরে অবৈধভাবে বসছে গরুর হাট। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এ হাট থেকে প্রায় এক কোটি টাকা খাজনা হাতিয়ে নিয়েছেন।১৭ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, চেয়ার-টেবিল বসিয়ে কয়েকজন লোক বিক্রি হওয়া পশুর খাজনা আদায় করছেন। প্রতিটি গরুর জন্য ২০০ ও ছাগলের জন্য ৫০ টাকা হারে খাজনা আদায় করা হচ্ছে। এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালী মো. রিপন মিয়া তাঁর লোকদের দিয়ে এ খাজনা আদায় করছেন। এ ব্যাপারে রিপন মিয়া জানান, তাঁর কোনো লোক এই হাট থেকে খাজনা আদায়ে জড়িত নয়। হাটটির অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানান।এলাকাবাসী জানান, রায়ভোগ চৌমুহনী বাজার কমিটির সাবেক সভাপতি আবদুল মজিদ দফাদারসহ এলাকার বেশ কয়েকজন ব্যক্তির উদ্যোগে ২০০৯ সালের শুরুর দিক থেকে এখানে প্রতি বুধ ও রোবাবর হাট বসছে। বাজারের ব্যবসায়ী শাহিন জানান, প্রতি হাটের দিন এই বাজারে শতাধিক গরু বেচাকেনা হয়।আবদুল মজিদ দফাদার জানান, ২০০৯ সালে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হাটটি অনুমোদনের জন্য আবেদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন এই হাটের অনুমোদন দেয়নি।বাজার কমিটির বর্তমান সভাপতি ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক জানান, ইতিমধ্যে হাটটি অনুমোদনের জন্য নতুন করে আবেদন করা হয়েছে।বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির জানান, হাটটি কিছুদিন আগে একবার বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর চালু হয়েছে কি না, তা তাঁর জানা নেই।ইউএনও মুস্তাফিজুর রহমান জানান, অবৈধভাবে গরুর হাট বসানোর অভিযোগ পেয়ে তিনি একবার পুলিশ পাঠিয়ে তা বন্ধ করে দেন। এরপর আবার হাট বসার খবর পেয়ে তিনি স্থানীয় ইউপির চেয়ারম্যানকে ডেকে হাটটি বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি আরও জানান, ওই হাটের অনুমোদনের জন্য ১৬ অক্টোবর তিনি একটি আবেদন পেয়েছেন।