বরগুনায় চালককে জরিমানা প্রতিবাদে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক বাসচালককে মারধর করার অভিযোগ তুলে বরগুনার অভ্যন্তরীণ ও বরগুনা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস শ্রমিক ইউনিয়নের নেতারা। গতকাল শনিবার দুপুরে এ ঘটনার পর বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিকনেতারা।তবে মারধরের কথা অস্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা যাতে তাঁদের অন্যায় ও যাত্রী হয়রানির কাজে বাধা না দিই, সে জন্য চাপ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও বেপরোয়া গাড়ি চালনাসহ নানা অভিযোগের ভিত্তিতে গতকাল নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছিল। এ সময় বাসচালক মাসুম বেপরোয়াভাবে বাস চালানোয় তাঁকে থামতে বলা হয়।তিনি না থেমে দ্রুত বেগে গাড়িটি চালিয়ে সটকে পড়ার চেষ্টা করেন। পরে ৭-৮ কিলোমিটার রাস্তা ধাওয়া করে তাঁকে পুলিশ ধরে ফেলে। এ সময় চালক মাসুমের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারায় ৫০০ টাকা জরিমানা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।জরিমানার খবর পেয়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে স্থানীয় সহকারী ভূমি কমিশনারের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা ভূমি কমিশনারের কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করেন, চালক মো. মাসুমকে ধরার পর ভ্রাম্যমাণ আদালতের ম্যজিস্ট্রেট তাঁকে মারধর করেন এবং আটক করে তাঁর কার্যালয়ে নিয়ে আসেন। এ জন্য শ্রমিকেরা তাঁকে অপসারণ না করা পর্যন্ত বরিশাল ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। সমাবেশে বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন।জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান বলেন, বরগুনা-১ আসনের সাংসদ বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ার পর তাঁরা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। কিন্তু তিনি উল্টো শ্রমিকদের দোষারোপ করেন। এ জন্য ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। যোগাযোগ করা হলে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহামঞ্চদ আলী বলেন, ‘আমি শ্রমিকনেতাদের ডেকে বিষয়টি জানার চেষ্টা করছিলাম। এ সময় তারা আকস্মিকভাবে সভাস্থল ছেড়ে চলে যায়।’ তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। এখন আইন প্রয়োগ করতে গেলে ধর্মঘট বা মিছিল করার বিষয়টি দুঃখজনক। এ রকম হলে তো আইনশৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগ করা যাবে না। নিয়ম-কানুনের মধ্যে থেকেই বিষয়টির সমাধানের চেষ্টা করতে হবে।’