বরগুনায় চিকিৎসকের ১৪১ পদের ১০৭টি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেনারেল হাসপাতাল ও জেলার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে ১৪১টি চিকিৎসকের পদের ১০৭টি দীর্ঘদিন ধরে শূন্য। মাত্র ৩৪ জন চিকিৎসক দিয়ে কোনোমতে চালানো হচ্ছে জেলার ১২ লাখ মানুষের চিকিৎসাসেবা।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মোট ১৪১টি পদের বিপরীতে সিভিল সার্জনসহ কাগজে-কলমে ৩৪ জন চিকিৎসক আছেন। এতে জেলার ১২ লাখ মানুষের চিকিৎসাসেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। বিশেষ করে জেলায় স্ত্রী ও প্রসূতি বিভাগের (গাইনি) চিকিৎসকের পাঁচটি পদের মধ্যে শুধু জেনারেল হাসপাতালে একজন আছেন। অন্য চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসকের পদ শূন্য।
বরগুনা জেনারেল হাসপাতালের কর্মকর্তারা বলেন, বরগুনার প্রায় ১২ লাখ মানুষের স্বাস্থ্যসেবার সর্বোচ্চ কেন্দ্র বরগুনা জেনারেল হাসপাতালটি ১৯৯৭ সালে ১০০ শয্যায় উন্নীত করা হলেও জনবল, অবকাঠামো কোনো কিছুই বাড়েনি। ২০১০ সালের মে মাসে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ৫০ শয্যার হাসপাতালের জন্য সৃষ্ট ২১ জন চিকিৎসক পদের বিপরীতে মাত্র ৭ জন চিকিৎসক রয়েছেন। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে চক্ষু, অস্ত্রোপচার (সার্জারি), নাক-কান-গলা, অর্থোপেডিকস, অবেদনবিদ চিকিৎসকের পদ শূন্য। বিশেষ করে অবেদনবিদ না থাকায় প্রসূতির অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে।
বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০-২০০ রোগী ভর্তি থাকেন। এ ছাড়া বহির্বিভাগে আরও ৫০০-৬০০ রোগী চিকিৎসা নেন। আর অল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা দেওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়ছে। তার ওপর নির্ধারিত দায়িত্বের বাইরেও অনেক কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রায়ই বহির্বিভাগে চিকিৎসক-সংকট দেখা দেয়। ফলে সেবা না নিয়েই ফিরতে হয় অনেককে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কামরুল ইসলাম বলেন, বর্তমানে হাসপাতালটিতে সাতজন চিকিৎসক রয়েছেন। এত অল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে ২৪ ঘণ্টা জরুরি সেবা, বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগীদের সামাল দেওয়া খুবই কষ্টকর। প্রায়ই রোগীদের বরিশাল বা অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়।
শুধু বরগুনা জেনারেল হাসপাতালই নয়, জেলার অন্য পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাও একই রকম। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন চারজন। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ৫ জন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইসমত আরা বলেন, এখানে ২১ জনের মধ্যে ২ জন ছুটিতে আছেন। বর্তমানে কর্মরত মাত্র দুজন। বামনায় নয়টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র তিনজন। চিকিৎসক ও জনবল না থাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা বন্ধ আছে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ছাড়া জেলার ৪২টি উপস্বাস্থ্যকেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ৪১টিতেই সহকারী সার্জন নেই। শুধু পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে একজন সহকারী সার্জন থাকলেও তিনি প্রেষণে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।
সিভিল সার্জন রুস্তুম আলী বলেন, ‘বরগুনা জেনারেলসহ অন্য হাসপাতালগুলোতে চিকিৎসক না থাকায় হিমশিম খেতে হচ্ছে। মূলত হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল রোগের চিকিৎসা করা যাচ্ছে না। আমরা বারবার এসব সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল পাচ্ছি না।’