বরগুনায় ছাত্রলীগের ঝাড়ু ও লাঠিমিছিল
বরগুনা জেলা ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে গত শনিবার সন্ধ্যায় শহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝাড়ু ও লাঠি মিছিল করেছেন। মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের নেতারা অবিলম্বে একতরফাভাবে বিতর্কিত লোকদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবি জানান। মিছিলে তাঁরা ‘শিবির করা ছাত্রলীগ মানি না’ বলে স্লোগান দেন।সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিশাল মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর রোডে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন পৌর ছাত্রলীগের সভাপতি রিয়াজুল কবির, সদর উপজেলা শাখার সভাপতি তৌহিদ মোল্লা, হাদিসুর রহমান, কলেজ ছাত্রলীগের নেতা মাহবুবুল বারী, জাকির হোসেন, নাহিদ মৃধা প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মী ও জেলা আওয়ামী লীগের নেতাদের মতামত না নিয়ে বিতর্কিত লোকদের দিয়ে ঢাকায় থেকে চাপিয়ে দেওয়া একতরফা কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। তাঁরা বলেন, প্রয়োজনে এই কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।সংগঠনের নেতা-কর্মীরা জানান, গত বুধবার দুপুরে ইমরান হোসেনকে সভাপতি, রুবাইয়াত আদনানকে জ্যেষ্ঠ সহসভাপতি ও আক্তারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর জেলা আওয়ামী লীগ ওই দিন রাতেই এক জরুরি সভা ডাকে। সভায় ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করা হয় এবং পুনরায় সবার মতামত নিয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়। পরে দাবি-দাওয়াসংবলিত একটি লিখিত আবেদন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভায় সভাপতিত্ব করেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ. মোতালেব মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যে ছেলে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাদের ছত্রছায়ায় ছিল, সে ছেলেকে কীভাবে ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক করা হলো, সেটা আমরা ভেবে পাই না!’