বরগুনায় ছাত্রলীগের নতুন কমিটি প্রত্যাখ্যান, বিক্ষোভ
বরগুনা জেলা ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। কর্মীরা একতরফাভাবে বিতর্কিত লোকদের নিয়ে কমিটি ঘোষণা করার অভিযোগ তুলে ও এর প্রতিবাদে শহরের সদর রোডে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধার সৃষ্টি করেন। পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তারা বলেন, সাধারণ ছাত্রলীগ নেতা-কর্মী ও জেলা আওয়ামী লীগের নেতাদের মতামত না নিয়ে একতরফাভাবে বিতর্কিত লোকদের দিয়ে যে কমিটি ঘোষণা করা হয়েছে, বরগুনার কোনো নেতা-কর্মী তা মেনে নেবেন না। প্রয়োজনে এই কমিটি বাতিলের দাবিতে হরতাল, অবরোধসহ সব ধরনের কর্মসূচি দেওয়া হবে। সভায় বক্তব্য দেন, পৌর ছাত্রলীগের সভাপতি রিয়াজুল কবির, সদর উপজেলা শাখার সভাপতি তৌহিদ মোল্লা, কলেজ ছাত্রলীগের নেতা মাহবুবুল বারি রনি, জাকির হোসেন, নাহিদ মৃধা প্রমুখ। সংগঠনের নেতা-কর্মীরা জানান, গত বুধবার দুপুরে ইমরান হোসেনকে সভাপতি, রুবাইয়াত আদনানকে সিনিয়র সহসভাপতি ও আক্তারুজ্জামান রকিবকে সাধারণ সম্পাদক করে বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী এ কমিটি ঘোষণা ও অনুমোদন দেন। জেলা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় আ.লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের কাছে কোনো মতামত না নিয়ে এবং বিনা কাউন্সিলে মনগড়া লোকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে । জেলা আ.লীগ বুধবার রাতে এক জরুরি সভা ডেকে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে এবং পুনরায় সবার মতামত নিয়ে জেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানিয়ে একটি লিখিত আবেদন আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে পাঠিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ ছাত্রদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে কোনো কমিটি চাপিয়ে দেওয়ার রেওয়াজ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ইতিহাসে নেই। তিনি আরও বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভার কার্যবিবরণী ফ্যাক্সযোগে আমরা সভানেত্রী ও সাধারণ সম্পাদক বরাবরে বুধবার রাতেই পাঠিয়ে দিয়েছি।’