আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা সদরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী, বেতাগীর পাঁচ মেয়র প্রার্থী ও আট কাউন্সিলর প্রার্থীকে গত মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করে পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল বুধবার আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে মিছিল করার অভিযোগ উঠেছে।
এদিকে যশোরের নওয়াপাড়ায় আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: বরগুনা সদরে গত সোমবার বিজয় সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সমাবেশেবরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ও দলীয় মেয়র প্রার্থী কামরুল আহসান নৌকা প্রতীকে ভোট চান। এ কারণে দলীয় মেয়র প্রার্থী কামরুল আহসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখবিহীন পোস্টার টাঙানোর অভিযোগে বেতাগীর আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ বি এম গোলাম কবির, বিএনপির হুমায়ুন কবির মল্লিক, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, আবদুল ওয়াজেদ হাওলাদার ও মাহবুবুর রহমান এবং কাউন্সিলর প্রার্থী ৩ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান, মো. শাহজাহান, মো. মহসিন, ৪ নম্বর ওয়ার্ডের হুমারুন কবির, ৫ নম্বর ওয়ার্ডের রমেন চন্দ্র দেবনাথ, এ বি এম মাসুদুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের বাবুল হক ও ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী আল ইমরানকে ওই নোটিশ দেওয়া হয়েছে।
বরগুনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ এবং বেতাগীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন বলেন, ওই প্রার্থীদের গত মঙ্গলবার বিকেলে ওই নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের তিন দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
পটুয়াখালী ও কলাপাড়া: গতকাল বেলা দুইটায় বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক একটি গাড়ি নিয়ে কলাপাড়া পৌর শহরে আসেন। এ সময় তাঁর সঙ্গে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মোরসালীন আহম্মেদ ও ১০টি গাড়ির একটি বহর ছিল। জিয়াউলসহ অপর নেতাদের স্বাগত জানিয়ে মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন কলাপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম, এমবি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সৌরভ সিকদার প্রমুখ। এ সময় তাঁরা ‘বিএনপির গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের পক্ষে নৌকায় ভোট চান। মিছিলটি একপর্যায়ে বিএনপির মেয়র প্রার্থী হুমায়ুন কবিরের মাদরাসা সড়ক এলাকার বাসভবনের সামনে গিয়ে নৌকার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
অভয়নগর (যশোর): নওয়াপাড়ার আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন তাঁর কর্মীদের ওপর হামলা ও অফিস করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া তিনি আওয়ামী লীগ প্রার্থীর সভা বন্ধ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট প্রদানের নিরাপত্তা চেয়ে গতকাল বুধবার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে চারটি পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন।