বরগুনায় জঙ্গি সন্দেহে নারীসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী থেকে গত সোমবার জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা জানান, তাঁরা ‘কলেমার দাওয়াত’ নামের একটি সংগঠনের সদস্য।আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরল উপজেলার রঘুনাথপুর গ্রামের মোজাম্মেল হক, তাঁর স্ত্রী খাদিজা বেগম আফরোজা, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাজীহাট মহল্লার আরশাদ ও আবদুস সালাম।বেতাগী থানার পুলিশ সূত্র জানায়, ১৫-১৬ দিন আগে মোজাম্মেল হক বেতাগী পৌর শহরে একটি বাসা ভাড়া করে বিভিন্ন ধরনের গৃহে প্রয়োজনীয় সামগ্রী বিক্রির পাশাপাশি ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। ২ এপ্রিল আরশাদ ও সালাম তাঁর সঙ্গে যোগ দিলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশ তাঁদের আটক করে।আটক ব্যক্তিরা পুলিশকে জানান, ভোলার চরফ্যাশন মহাবিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ তাঁদের সংগঠনের আমির। তাঁরা মানুষকে কলেমা ও আত্মশুদ্ধির দাওয়াত দেওয়ার কার্যক্রম চালাচ্ছেন। ডিবির উপপরিদর্শক শাহ নেওয়াজ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তাঁরা কোনো জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে। ভোলার চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবাশ্বের আলী প্রথম আলোকে বলেন, আবদুল মজিদ একসময় চরফ্যাশন মহাবিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ২০০৭ সালের মার্চে জঙ্গি সন্দেহে পুলিশ তাঁকে আটক করে।