বরগুনায় জোছনা উৎসব
বরগুনায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো জোছনা উৎসব। বিষখালী নদীতে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এ উৎসব। বরগুনার বিভিন্ন অঙ্গনের প্রায় দুই শতাধিক ব্যক্তি এ উৎসবে অংশ নেন।
জোছনার গান আর কবিতা আবৃত্তির পাশাপাশি বিষখালী নদীতে দীপালি ভাসিয়ে শেষ হয় এ উৎসব। এতে গান পরিবেশন করেন রোখসানা পারভিন, সোহেলী পারভিন, ফেরদৌসী মহুয়া, লুৎফর রহমান, কমল মজুমদার, আমিত কর্মকার, তুহিন খান, মাসুক খান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন, কবি ইদ্রিস আলী খান, মুনিরুজ্জামান, হুরুন্নাহার, চন্দ্রিমা দেয়া।
উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চিত্তরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল আলীম ও জহিরুল হাসান, প্রবীণ ফুটবলার মীর বজলুর রহমান, কমিউনিটি পুলিশিং বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক সুখরঞ্জন শীল, খেলাঘর বরগুনার সভাপতি মনিরুজ্জামান, বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাহাদুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।