বরগুনায় ডাকাত সর্দার জলিল গ্রেপ্তার
বরগুনা থেকে জলিল সিকদার (৫০) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। বরগুনা সদরের পাতাকাটা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির জানান, সম্প্রতি ঢাকার দক্ষিণখানের একটি বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হলে পুলিশ আবদুর রহিম নামে একজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রহিম ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে ডাকাতদলটির সর্দার বরগুনার জলিল সিকদারসহ পাঁচজনের নাম প্রকাশ করেন। জলিলকে গ্রেপ্তারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চার সদস্যের একটি দল গত সোমবার বরগুনায় আসে। বরগুনা পুলিশের সহায়তায় তারা সদর উপজেলার আমড়াঝুরি গ্রামে জলিলের বাড়িতে কয়েক দফা অভিযান চালায়। পরে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বরগুনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ এম আজিমুল হক জানান, জলিল ঢাকায় বসে একটি ডাকাতদলের নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।