বরগুনায় তিনটি নদীতে অবৈধ জালে পোনা নিধন
বরগুনার তিনটি নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে ছোট ফাঁসের গড়াজাল, বেড়জাল, ভাসাজাল ও বেহুন্দিজাল দিয়ে অবৈধভাবে মাছ ধরায় প্রতিদিন নির্বিচারে ইলিশসহ নানা প্রজাতির মাছের লাখ লাখ পোনা মারা পড়ছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘নদীতে ছোট ফাঁসের জালের অবাধ ব্যবহারে মাছের স্বাভাবিক প্রজনন, বংশ বিস্তার ও বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়। এর প্রভাবে আমাদের নদ-নদী ও সাগরে এরই মধ্যে মাছের প্রাচুর্য কমে গেছে। অচিরেই এসব জাল বন্ধ না হলে দেশের মৎস্য ভান্ডারে বিপর্যয় নেমে আসতে পারে।’গত সোমবার ও বৃহস্পতিবার বরগুনার বলেশ্বর নদ, পায়রা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তিনটি নদীর কমপক্ষে ১০০ কিলোমিটার এলাকাজুড়ে নদীতে খুঁটা গেড়ে ছোট ফাঁসের গড়াজাল, বেড়জাল, ভাসাজাল ও বেহুন্দিজাল পেতে অবাধে মাছ ধরা হচ্ছে। চালিতাতলী থেকে সোনাতলা পর্যন্ত পায়রা নদীর দুই পাড়ে প্রায় ২০ কিলোমিটার এলাকা, তালতলী থেকে তেঁতুলবাড়িয়া হয়ে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা, বরগুনার বরইতলা থেকে নলী, নিশানবাড়িয়া হয়ে সোনাতলা মোহনা পর্যন্ত দুই পাড়ে প্রায় ৩০ কিলোমিটার এবং বলেশ্বর নদের মোহনা থেকে পশ্চিমে চরদুয়ানি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে বিভিন্ন ধরনের কয়েক হাজার জাল পেতে রাখা হয়েছে। এসব জালের ফাঁস দেড় থেকে দুই ইঞ্চি।বিষখালী নদীতে বেহুন্দিজাল দিয়ে মাছ ধরছেন বরইতলা এলাকার জেলে আবদুল জলিল। এই জাল দিয়ে মাছ ধরার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই ধরে আমিও হেইতে ধরি। কেউ তো কিছু কয় না। আমাগো এলাকায় এই রহম ৩০০-র বেশি নৌকায় বেন্দিজাল দিয়া মাছ ধরে।’ মাছখালী এলাকার জেলে সেন্টু মিয়া বলেন, ‘আমাগো জালের ফাঁস ছোট্ট, এইডা ঠিক। কিন্তু এইগুলা কারেন্ট জাল না। অনেকে তো কারেন্টজাল দিয়া সর্বনাশ করতেছে। আমাগো জালে হেই রহম পোনা মারা পড়ে না।’কয়েকজন জেলে জানান, এলাকার কমপক্ষে ৪০০ জন জেলে গড়াজাল (খুঁটাজাল), ভাসাজাল এবং বেহুন্দিজাল দিয়ে মাছ ধরেন। এতে জাটকা, পোয়া, তপসি, টেংরা, ফালিসাসহ অন্যান্য প্রজাতির অনেক মাছ ধরা পড়ে। এসব জালে যে পরিমাণ মাছ ধরা পড়ে, তার কয়েক গুণ বেশি এসব মাছের পোনা মারা পড়ে। মারা পড়া এসব পোনা জেলেরা নদীতে ফেলে দেন।সদর উপজেলার মাছখালী ও ডালভাঙা এলাকায় দেখা যায়, বিষখালী নদীতে জেলেরা কয়েক শ ছোট নৌকা নিয়ে বেহুন্দি ও ভাসাজাল দিয়ে মাছ ধরছেন। পাথরঘাটার পদ্মা গ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, বলেশ্বর নদের মোহনা হরিণঘাটা থেকে উত্তরে চরদুয়ানি পর্যন্ত নদের প্রায় ২০ কিলোমিটার পাড়ে বাঁশের খুঁটি গেড়ে তার সঙ্গে ভাসা ও বেড়জাল পেতে রাখা হয়েছে। পাশাপাশি স্রোতের মুখে বেহুন্দিজাল পেতেও মাছ ধরছেন ওই জেলেরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, স্থানীয় বন বিভাগের সদস্যদের নিয়মিত মাসোহারা দিয়ে তাঁরা মাছ শিকার করছেন। গড়াজাল দিয়ে মাছ ধরতে বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের ৩০০ থেকে ৫০০ টাকা (প্রতি ১৫ দিনে) করে দিতে হয়। অভিযোগ অস্বীকার করে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘আমি কয়েকবার এসব জাল উচ্ছেদে অভিযান চালিয়েছি এবং স্থানীয় মৎস্য কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। তবে বন বিভাগের কোনো সদস্য টাকা নেয়, এমনটা আমার জানা নেই এবং কেউ অভিযোগও করেনি।’জেলা মৎস্য কর্মকর্তা নূরুল ইসলাম জানান, সরকার দেশের ইলিশ ও অন্যান্য মাছ রক্ষার জন্য সাড়ে চার সেন্টিমিটারের কম ফাঁসের জাল ব্যবহার সম্পূর্ণ বেআইনি ঘোষণা করেছে। কিন্তু এসব জাল আড়াই থেকে পৌনে তিন সেন্টিমিটার ফাঁসের। এগুলো বন্ধের জন্য শিগগিরই অভিযান চালানো হবে।কোস্টগার্ড দক্ষিণাঞ্চলীয় ঘাঁটির জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট মাসরিক বলেন, অবৈধ এসব জাল দিয়ে মাছ ধরা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে। তবে বেশ কিছুদিন ধরে এই অভিযানে কিছুটা শিথিল থাকায় এ ধরনের ঘটনা বেড়েছে।