বরগুনায় দুই হাজার প্রতিষ্ঠানে অবাধে ব্যবহূত হচ্ছে অ্যাসিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় দুই হাজারের বেশি বাণিজ্যিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। কিন্তু ব্যবহারের অনুমোদন (লাইসেন্স) আছে মাত্র ২৪টি প্রতিষ্ঠানের। বিভিন্ন প্রতিষ্ঠানে অবাধে অ্যাসিড ব্যবহূত হলেও এর অপব্যবহার রোধে জেলায় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের কোনো কার্যক্রম নেই। ফলে জনস্বাস্থ্যের মারাত্মক হুমকির পাশাপাশি প্রায়ই অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা ঘটছে।২০০২ সালের ১৭ মার্চ প্রকাশিত গেজেটে উল্লেখ আছে, ‘অনুমোদন ছাড়া অ্যাসিডের উৎপাদন, আমদানি, পরিবহন, মজুদ, বিক্রি ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ। যারা অনুমোদন করবে না ও লাইসেন্সের শর্তগুলো পালন করবে না, তাদের জন্য সর্বোচ্চ ১০ বছর ও সর্বনিম্ন তিন বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।’পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে চলতি বছরের জুন পর্যন্ত জেলায় পাঁচ নারী ও শিশু অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছে। এর মধ্যে চলতি বছরের ৪ এপ্রিল জেলা শহরের উপকণ্ঠে লাকুরতলা গ্রামে রিনা আক্তার (২৫) ও তাঁর আড়াই বছর বয়সী মেয়ে অ্যাসিডদগ্ধ হয়।খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদর ও ছয়টি উপজেলায় ১৩২টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৯টি মাদ্রাসা ও ১৭টি কলেজের বিজ্ঞানাগারে অ্যাসিড ব্যবহার হচ্ছে। এ ছাড়া সাড়ে তিন শ ব্যাটারির দোকান, ৪০০ স্বর্ণের দোকানসহ প্রায় দেড় হাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানে অ্যাসিড ব্যবহার করা হয়।জেলা প্রশাসক কার্যালয়ের বিচার শাখার কর্মকর্তারা জানান, বরগুনায় ২৪টি প্রতিষ্ঠানে অ্যাসিড ব্যবহারের অনুমতি আছে। এর মধ্যে নয়টি স্বর্ণের দোকান, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১২টি ব্যাটারির দোকান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাথরঘাটায় দুটি ও আমতলীতে একটির অনুমোদন আছে।বরগুনা শহরের সোমা জুয়েলার্সের মালিক বলরাম কর্মকার বলেন, সাধারণত খাদ পরীক্ষা ও স্বর্ণ গলানোর কাজে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। জেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক উত্তম কর্মকার জানান, ছোট-বড় মিলিয়ে এই সমিতির আওতায় প্রায় ২৫০টি স্বর্ণের দোকান রয়েছে। এর মধ্যে বরগুনা শহরে আছে ৯০টি দোকান। স্বর্ণের খাদ আলাদা করা ও পলিসের কাজের জন্য আলাদা পাঁচটি পলিসের দোকান রয়েছে, তাদের অ্যাসিড ব্যবহারের অনুমোদন আছে। এসব দোকান থেকে অল্প পরিমাণ অ্যাসিড নিয়ে কোনো কোনো দোকানি ব্যবহার করে থাকেন।বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন শাহিন খান বলেন, ‘নাইট্রিক অ্যাসিড মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। স্বর্ণ গলানোর জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহারের সময় রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট ধোঁয়ায় ফুসফুসের ক্যানসারসহ নানা রোগ হতে পারে।’ জেলা প্রশাসক মজিবুর রহমান অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের কার্যক্রম বরগুনায় না থাকার কথা স্বীকার করে বলেন, জেলায় অ্যাসিড ব্যবহারকারী অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের বেশির ভাগেরই অনুমোদন নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।