বরগুনায় দুই জেলে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১২ জনকে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু তাহের আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বাবুল মাঝি (৪৫) ও রুস্তম আলী (৫০)। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ফজলু হাওলাদার, আবদুল খালেক, মনিরুল ইসলাম, আবদুর রহিম, বাবুল মিয়া, কুট্টি মিয়া, বাদল মিয়া, আবু হানিফ, আবুল বাশার, মো. রিয়াজ, খোকন মিয়া ও সেন্টু মিয়া। মামলার অপর আসামি হাবিবুর রহমানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ১৫ জন জেলে এফবি মদিনা-২ নামের একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। পরের দিন ২৪ ফেব্রুয়ারি জিন ছাড়ানোর অজুহাতে মামলার প্রধান আসামি বাবুল মাঝি ও রুস্তম আলী জেলে ফারুক সরদার ও আয়নাল হোসেনকে পিটিয়ে জখম করেন। পরে তাঁদের দুজনকে হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করেন। এতে ফারুক ও আয়নালের মৃত্যু হয়। এরপর আসামিরা বরগুনা থানায় উপস্থিত হয়ে জলদস্যুদের পিটুনিতে ওই দুই জেলে নিহত হয়েছেন মর্মে একটি মামলা করেন।
কিন্তু নিহত দুই জেলের স্বজনেরা বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করেন এবং ওই বছরের ৬ মার্চ নিহত আয়নাল হোসেনের বড় ভাই জয়নাল হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন। পরে আসামি বাবুল মাঝি ও রুস্তুম আলী পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
মামলার বাদী জয়নাল হোসেন বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর ন্যায়বিচার পেয়েছি।’
আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দীন বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে যাব।’
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আক্তারুজ্জামান বাহাদুর বলেন, ‘উচ্চ আদালত চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় বহাল রেখে আসামিদের দ্রুত শাস্তি নিশ্চিত করবেন বলে প্রত্যাশা করছি।’