বরগুনায় নতুন উপজেলা চরফ্যাশন ও গফরগাঁওয়ে তিনটি নতুন থানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বরগুনায় একটি নতুন উপজেলা এবং ময়মনসিংহ ও ভোলায় তিনটি নতুন থানা সৃজনের সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৬তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের তথ্য বিবরণীতে গতকাল মঙ্গলবার জানানো হয়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ‘দক্ষিণ আইচা’ ও ‘শশীভূষণ’ নামে দুটি নতুন থানা সৃজনের সিদ্ধান্ত হয়েছে। ‘দক্ষিণ আইচা’ থানায় ইউনিয়নের সংখ্যা পাঁচটি, আয়তন ৮৫০ দশমিক ৩৮ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা এক লাখ ২১ হাজার ৯৭৬ জন। ‘শশীভূষণ’ থানায় ইউনিয়নের সংখ্যা পাঁচটি, আয়তন ১২৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা এক লাখ ২০ হাজার জন। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুটি নতুন থানা গঠন করায় সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, এর ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এ ছাড়া গতকালের সভায় বরগুনা জেলার ‘আমতলী’ উপজেলাকে বিভক্ত করে ‘তালতলী’ নামে নতুন উপজেলা সৃজনের সিদ্ধান্ত হয়। নতুন এ উপজেলায় সাতটি ইউনিয়ন রয়েছে। উপজেলায় জনসংখ্যা এক লাখ ৪০ হাজার ৯৫ জন।নিকার সভায় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ‘পাগলা’ তদন্তকেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। নতুন এ থানায় ইউনিয়নের সংখ্যা আটটি, জনসংখ্যা দুই লাখ ২০ হাজার ৪৩৪ জন।যাত্রা শুরু হলো পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার: গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত না হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যোগদানের মধ্য দিয়ে শুরু হলো পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কার্যক্রম। গতকাল মো. লিয়াকত আলী নবগঠিত রাঙ্গাবালীর ইউএনও হিসেবে তাঁর কর্মস্থলে যোগ দেন।প্রথম নির্বাহী কর্মকর্তার যোগদান উপলক্ষে রাঙ্গাবালীর বাহেরচর বন্দরে বন বিভাগের গবেষণা ইনস্টিটিউটে গতকাল দুপুরে অনুষ্ঠিত হয় সুধী সমাবেশ।