বরগুনায় নিউমোনিয়ায় নয় মাসে ৩০ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জেলায় নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত হয়েছে আট হাজার ৫৯৩ জন শিশু। এর মধ্যে মারা গেছে ৩০ জন। এ বছর নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা অনেক বেশি হওয়ায় চিকিৎসকেরাও বিস্ময় প্রকাশ করেছেন।বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা জানান, এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। অনেক শিশু একাধিকবার আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেও প্রতিদিন ১৫ থেকে ১৬ জন করে শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে।বরগুনা জেনারেল হাসপাতালে শয্যার সংকট থাকায় আক্রান্ত শিশুর অধিকাংশকেই মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া হাসপাতালে শিশুবিশেষজ্ঞের পদটি দুই মাস ধরে শূন্য। পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিশুবিশেষজ্ঞের পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য।সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের নয় মাসে জেলায় নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা আট হাজার ৫৯৩। এর মধ্যে জানুয়ারিতে মারা গেছে চার শিশু, ফেব্রুয়ারিতে তিন, মার্চে চার, এপ্রিলে দুই, মে-তে দুই, জুনে তিন, জুলাইয়ে চার, আগস্টে পাঁচ ও সেপ্টেম্বরে তিনজন শিশু। গত বছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অর্ধেক ছিল বলে চিকিৎসকেরা জানান।বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন শাহিন খান প্রথম আলোকে জানান, এ বছর যে হারে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, সেটা খুবই উদ্বেগের। কোনো কোনো শিশু একাধিকবারও আক্রান্ত হচ্ছে। তিনি জানান, এই সময়ে শিশুদের ওপর বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। যেমন বসতঘরে প্রচুর আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে, যাতে স্যাঁতসেঁতে না হয়।গতকাল সকালে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত ৫৫ জন শিশু ভর্তি রয়েছে। হাসপাতালে শিশুদের জন্য ১০ শয্যার একটি ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝের বিছানায় দেওয়া হয়েছে। এতে ঠান্ডা ও গরমে শিশুরা আরও অসুস্থ হয়ে পড়ছে।বরগুনা সদরের আয়লা-পাতাকাটা গ্রামের সুখী বেগম তাঁর দুই মাসের সন্তান রুমানকে রোববার হাসপাতালে ভর্তি করান। তাঁর সন্তানের জায়গা হয় বারান্দার মেঝেতে। সুখী বেগম বলেন, ‘হারা রাইতে এক ফোঁটা ঘুমাইতে পারি না। বাচ্চা খালি চিড়হায় আর শ্বাস নেতে কষ্ট অয়। নিচে বিছনা দেওনে রাইতে ঠান্ডা ওডে, হেই সময় কষ্টও বাড়ে।’হাসপাতালের কর্তব্যরত জ্যেষ্ঠ সেবিকা মাহিনুর বেগম জানান, ১০ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ১৫ থেকে ২০ জন করে শিশু নিউমোনিয়াজনিত রোগে ভর্তি হচ্ছে। রোগীর এত চাপ যে মেঝেতেও জায়গার সংকুলান হচ্ছে না।বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রুস্তুম আলী জানান, চলতি মাসে এই হাসপাতালে কোনো শিশুর মৃত্যু না হলেও, প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন করে ভর্তি হচ্ছে। তিনি জানান, এ বছর নিউমোনিয়ার প্রকোপ এতটা বৃদ্ধি পাওয়ায় তাঁরা বিস্মিত।যোগাযোগ করা হলে বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ বছর নিউমোনিয়ায় সংক্রমণের সংখ্যা অস্বাভাবিক মনে হয়। হাসপাতালগুলো শিশু ওয়ার্ড না থাকায় মেঝেতে শয্যা দিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।’ তিনি জানান, বরগুনা জেনারেল হাসপাতালের একমাত্র শিশুবিশেষজ্ঞ দুই মাস আগে বদলি হওয়ার পর জেলার কোনো হাসপাতালে এখন শিশুবিশেষজ্ঞ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি।