বরগুনায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কের দাবিতে বরগুনায় গতকাল শনিবার সকালে মানববন্ধন করেছেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। বাংলাদেশ যুব রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় যুবপ্রধান রাজেশ্বর সিংহ সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হন। এর প্রতিবাদে যুব রেড ক্রিসেন্ট দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বরগুনা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টায় শহরের সদর রোডে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির বরগুনার সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির, প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টু, রেড ক্রিসেন্টের জেলা ইউনিট কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। এ সময় বক্তারা রাজেশ্বর সিংহের ঘাতক গাড়িচালককে অবিলম্বে গ্রেপ্তার, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন সংশোধন ও তা যথাযথ বাস্তবায়নের দাবি জানান।