বরগুনায় নৃশংস হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: প্রথম আলো
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: প্রথম আলো

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ফেনীর নুসরাত জাহান হত্যা মামলার বিচারকাজ শুরু হয়েছে। বরগুনায় যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তারও বিচার অবশ্যই হবে। আমরা সরকারের দায়িত্ব পালন করব।’ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে ঢাকার রতনপুর পরিষদ আয়োজিত বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী অনুষ্ঠানে বক্তৃতায় বরগুনায় নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘এ ঘটনায় যে জিনিসটা আমাদের আমলে নিতে হবে, সেটা হচ্ছে বরগুনায় যে ঘটনা ঘটেছে তাতে দেখা গেছে যে একটা ছেলেকে কয়েকজন গুন্ডা মারছে এবং সেটাকে ভিডিও ধারণ করা হচ্ছে এবং তা ভাইরাল হচ্ছে। কিন্তু ছেলেটাকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসছে না বা তাকে রক্ষা করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই যদি সমাজের অবস্থা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের দুঃশ্চিন্তা হওয়ার কারণ আছে।’

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে, তারা যদি দেখে যে তাদের মুরব্বিরা এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কিংবা সমাজ থেকে এই ব্যাপারে কোনো প্রতিবাদ আসছে না, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে না। এদের কিন্তু আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারব না। সে কারণে আমি সকলকে এ বিষয়ে সজাগ থাকার অনুরোধ করছি।’ তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের উদারতা বৃদ্ধি পাক এবং তা দেখে সারা বিশ্ব মনে করুক যে বাংলাদেশে উদার ও ভালো মানুষ আছে। এই জিনিসটা যেন পরিচয় পায়, আমরা সকলে মিলে সেই চেষ্টায় থাকব।’

পরিষদের সভাপতি কাজী মনজুর কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক কাজী হাবিব উল্লাহ, সহসভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আবুল হাসান খান প্রমুখ বক্তব্য দেন।