বরগুনায় নোট-গাইডের রমরমা ব্যবসা
বরগুনার কমপক্ষে ৩০০ বইয়ের দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ নোট-গাইড। এ ছাড়া সরকারের বিনা মূল্যে দেওয়া বাংলা ও ইংরেজি ব্যাকরণ বই অধিকাংশ বিদ্যালয়ে পড়ানো হচ্ছে না।
আইন অনুযায়ী, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট-গাইড বই মুদ্রণ, বাঁধাই, প্রকাশনা, আমদানি, বিতরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধান লঙ্ঘনকারীকে সাত বছর সশ্রম কারাদণ্ড বা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা শহর ও জেলার বিভিন্ন উপজেলার বইয়ের দোকানগুলোতে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নোট-গাইড প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এসব দোকানে লেকচার, পাঞ্জেরি, জুপিটার, মাতৃছায়া, গ্যালাক্সি, গ্লোবাল, অনুপম, নবদূত, কাজল, অ্যাডভান্স, স্টারসহ বিভিন্ন প্রকাশনীর গাইড বিক্রি হচ্ছে। বরগুনা শহরের গোলাম সরোয়ার রোড, বাজার রোড এলাকার বেশ কয়েকটি বইয়ের দোকান ঘুরে দেখা যায়, এসব দোকানে প্রকাশ্যে গাইড বিক্রি হচ্ছে। প্রকাশনীভেদে গাইডগুলোর দাম ৮০ থেকে ৯৫০ টাকা।
বামনা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নোট-গাইড বই কিনতে বিদ্যালয়ের শিক্ষকেরা বাধ্য করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বামনা ইউনিয়নের খোলপটুয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকেরাই প্রকাশনা সংস্থার কাছ থেকে পাইকারি দরে সব শ্রেণীর গাইড বই নিয়ে বিদ্যালয়ে বসে তা বিক্রি করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া উপজেলা শিক্ষক সমিতি মোটা অঙ্কের টাকা কমিশন পেয়ে অ্যাডভান্স প্রকাশনীর নিম্নমানের বাংলা-ইংরেজি ব্যাকরণ বই উপজেলার সব বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। অবশ্য অভিযোগ অস্বীকার করে বামনা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, শিক্ষক সমিতি নির্দিষ্ট করে কোনো প্রকাশনীর গাইড বা নোটবই কিনতে কোনো বিদ্যালয়ের শিক্ষককে নির্দেশ দেয়নি। একইভাবে বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী, তালতলী ও বেতাগী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যসূচিতে নেই এমন নিম্নমানের ইংরেজি ও বাংলা ব্যাকরণ এবং নোট-গাইড পড়তে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিটি বইয়ের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা বিদ্যালয়ে ‘অনুদান’ দিয়ে ওই নিম্নমানের বইগুলো পাঠ্যসূচিভুক্ত করা হয়।
পাথরঘাটা উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে মোটা অঙ্কের অনুদান নিয়ে নিম্নমানের ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই এবং নোট-গাইড পাঠ্যসূচিভুক্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। বরগুনা জেলা প্রশাসক আবদুল ওহাব ভূঞা বলেন, নোট-গাইড বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অচিরেই এসব বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।