বরগুনায় নৌবন্দর স্থাপনের লক্ষ্য ভেস্তে যাওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে বরগুনার খাকদোন নদ খনন করায় আপাতত নদের নাব্যতাসংকট কাটলেও নৌবন্দর স্থাপনের লক্ষ্য ভেস্তে যাবে এবং দখলদারদের অবস্থান আরও মজবুত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।সুশাসনের জন্য নাগরিক—সুজনের বরগুনা জেলা সভাপতি রাজিয়া বেগম বলেন, ‘অবৈধ দখল উচ্ছেদ না করে নামকাওয়াস্তে খননকাজ করায় দখলদারেরা নতুন করে নদের মাঝ বরাবর দখল পাকাপোক্ত করে নেওয়ার সুযোগ পেয়েছেন। কারণ, নদ খননের সব মাটি উত্তর পাড়ে ফেলে চর ভরাট করে দেওয়া হচ্ছে। চর ভরাটের পর এখন মাঝনদে বাঁশের পাইলিং ও বেড়া দিয়ে নতুন করে দখলপ্রক্রিয়া চলছে। এ ধরনের খনন আর্থিক অপচয় ও নদীর মৃত্যু নিশ্চিত করবে।’সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর মৌজায় সরকারি জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে ৪৯৫টি, খাজুরতলা মৌজায় ১২৯টি এবং বড় গৌরিচন্না মৌজায় ১৫টি। এই তিনটি মৌজায় সাত হাজারের বেশি অবৈধ স্থাপনা রয়েছে। এর মধ্যে খাকদোন নদের দুই পাড় খাজুরতলা মৌজায় ১২৯টি বন্দোবন্ত দেওয়া হলেও সেখানে স্থাপনা রয়েছে কমপক্ষে দুই হাজার।গত মঙ্গলবার সকালে সরেজমিন দেখা গেছে, নদের উত্তর পাড়ে দক্ষিণ খাজুরতলা এলাকায় খাজুরতলা কারিমিয়া হাফেজি মাদ্রাসার মাঠ ভরাট করা হয়েছে খননের মাটিতে। নতুন করে জমি বাড়াতে প্রায় ৫০ জন শ্রমিক নদীর মধ্যে বাঁশ পুঁতে পাইলিংয়ের কাজ করছে। পাশে বালুর বস্তা ও মাটি ফেলে বেড়িবাঁধ দেওয়া হচ্ছে। মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম বলেন, ‘আমরা এসি ল্যান্ড সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে জমি ভরাট করছি। আমাদের জমির কোনো বন্দোবস্ত নেই।’এ ছাড়া মাদ্রাসার পশ্চিম পাশে নদের জমিতে চাল কল করেছেন আরেকজন, অপরজন করেছেন স মিল। মাদ্রাসার পূর্বদিকে নদের চর ভরাট করে আরও ২০-২৫টি প্লট তৈরি করা হয়েছে। সেসব প্লটে অনেকে ঘর তুলে দখল নিয়েছেন। এসব দখলদার তাঁদের জমি বাড়াতে বাড়াতে মাঝনদীতে চলে এসেছেন এবং গাছ লাগিয়েছেন।বরগুনা সদরের সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান বলেন, ‘এ ধরনের অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। যদি এটা করে থাকে তবে তা বেআইনি এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী আ. মান্নান বলেন, ‘এসি ল্যান্ড ও ইউএনও যেখানে মাটি ফেলতে বলেছেন, আমরা সেখানেই মাটি ফেলছি। এখানে আমাদের কোনো লাভ-লোকসান নেই। তবে এখানে খনন হলে নদের নাব্যতা বছর খানেক হয়তো থাকবে, এরপর যে রকম ছিল সেই অবস্থায় পৌঁছাবে।’খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালে নৌপরিবহন মন্ত্রণালয় বরগুনায় নদীবন্দর স্থাপনের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বিআইডব্লিউটিএ বরগুনা শহরের পৌর ভবনের পশ্চিম পাশে দোতলা নৌবন্দর ভবন নির্মাণ করেছে। গত ৩১ মার্চ বিআইডব্লিউটিএ বরগুনার নৌ-যোগাযোগের একমাত্র মাধ্যম খাকদোন নদের এক কিলোমিটার এলাকা খননের কাজ শুরু করে। এই এলাকার প্রায় ৫০ হাজার ঘনফুট মাটি খনন করার কথা। সে অনুযায়ী খননকাজ প্রায় সম্পন্ন হয়েছে।বিআইডব্লিউটিএর পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভূমি মন্ত্রণালয় খাকদোন নদের দুই পাড়ের দখল উচ্ছেদ করে আমাদের কাছে হস্তান্তরের জন্য জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে। আমি দুবার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছি, কিন্তু দখল উচ্ছেদে কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা বাধ্য হয়ে এভাবেই কাজ করছি।’জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, ‘সরকারি জমি ভরাট করার জন্য আমরা বলেছি। যদি কেউ প্রতিষ্ঠানের জমি ভরাট করে তবে তা বেআইনি এবং তা অবশ্যই বন্ধ করা হবে। আমরা দখল উচ্ছেদের জন্য বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছি, কিন্তু রাজনৈতিক নেতাদের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। তার পরও এ বিষয়ে আমরা উদ্যোগ নেব।’